আকরাম উদ্দিন
চোখে আলো না থাকলেও গলায় আছে মধু। পথে প্রান্তরে মধুর সুরে গান গেয়ে ফিরছেন অন্ধ গোলাপ মিয়া। তাঁর গান কানে ভেসে আসলে একজন পথিক থমকে দাঁড়ান। ক্ষণিকের জন্য হলেও গান শুনে মনপ্রাণ জুড়িয়ে নেন। যাবার সময় খুশি হয়ে বকশিস দেন তাঁকে। এই বকশিসে গোলাপ মিয়ার সংসার চলে।
গোলাপ মিয়ার বাড়ি সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে। সংসারে আছেন স্বামী-স্ত্রীসহ ৬ জন। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন একই গ্রামে। মেয়ের জামাই দিনমজুর। এখন তাঁর সংসারে আছে ৫ জন। সন্তান দুই জন ৪র্থ শ্রেণীতে ও ১ জন ২য় শ্রেণীতে পড়ে। ১৬ বছর বয়সী ছেলে কোনো কাজ পায়নি।
গোলাপ মিয়া বিয়ের আগে ১৫ বছর বয়সে টাইফয়েড রোগে আক্রান্ত হন। এই রোগে আক্রান্ত হয়ে তিনি দুই চোখ হারিয়ে ফেলেন। অন্ধ হয়ে যান তিনি। অন্ধ হওয়ার পর থেকে কোনো দিন আর পৃথিবীর আলো দেখতে পাননি। টাইফয়েড রোগে গোলাপ মিয়ার দুই চোখ চিরতরে অন্ধ হওয়ায় এলাকার মানুষও তাঁর প্রতি
দরদী হন। তাঁর জীবন-জীবীকা নিয়েও চিন্তা করেন অনেকে।
বিদ্যালয়ে ২য় শ্রেণীতে অধ্যয়নকালে কাইয়ারগাঁও প্রাইমারী স্কুলের শিক্ষক তাঁকে খুবই ভালবাসতেন। এসব বিষয় অবগত হয়ে গোলাপ মিয়ার জীবিকা নির্বাহের কথা চিন্তা করে শিক্ষক রশিদ মিয়া তাঁকে গান শেখার প্রেরণা যোগান। তাঁর জীবন ধারণের উপায় হিসাবে তিনি নিজে গানও শিখিয়ে দেন। পরে গোলাপ মিয়া হাট-বাজারে, পথে প্রান্তরে গান গেয়ে বেড়ান। এতে পান কিছু বকশিশ। এই বকশিশের টাকায় বিয়ে করেন তিনি। এরপর দৈনন্দিন সংসারের খরচ যোগাতে চেষ্টা চালিয়ে যান।
যদিও অন্ধত্ব তাঁর পরিচ্ছন্ন জীবনের বড় বাধা হয়ে দাঁড়ায়। তবুও তিনি নিজের চেষ্টায় গানে গানে সুর তাল লয়ে এগিয়ে চলেছেন। মানুষকে আনন্দে মাতিয়ে তোলেছেন প্রতি মূহুর্তে। তাঁর গানে রয়েছে রম্য রস। জানা আছে পীর মুর্শিদী, জারী-সারি, বাউল গান। সব ধরনের গান গেয়ে ফিরেন। তিনি সুনামগঞ্জের প্রবীণ গীতিকবিদের গানও বিভিন্ন আসরে পরিবেশন করেন। তাঁর গানে মুগ্ধ হন মানুষ। যাবার বেলা বকশিশ দিয়ে যান। এতেই তিনি খুশি। পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে পরে কোনো মতে সংসার চালান।
গোলাপ মিয়ার বয়স এখন ৬০ বছর। তবুও জীবীকার তাগিদে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে গান গেয়ে চলেছেন। এবার তিনি গান গেয়ে চলেছেন ফেরি নৌকায়। শহরের চাঁদনীঘাট এলাকায় ফেরি নৌকায়ও গান গেয়ে ফেরি যাত্রীদের আনন্দ দেন তিনি। এতে প্রতিদিন বকশিশী উপার্জন হয় ২ থেকে ৩ শত টাকা। এই টাকা সংসারের কাজে লাগান তিনি। ছেলে মেয়ের লেখাপড়ার খরচের কাজে ব্যয় হয়। গোলাপ মিয়া চান শেষ বয়সে একটু আরাম-আয়েশ করে জীবন কাটাতে। কিন্তু তাও কি হয়ে উঠবে জীবনে কোনো দিন। তা জানেন না গোলাপ মিয়া। অন্ধ গোলাপ মিয়ার জীবনমানের উন্নয়নের জন্য সকলের নিকট সহযোগিতা ও দোয়া চেয়েছেন।


