দৃষ্টিহীন চয়নের দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হওয়া সেই দৃষ্টিহীন চয়ন তালুকদারের অনার্সে ভর্তির আর্থিক খরচের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে দৃষ্টিহীন চয়নকে পড়া-লেখার চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
সোমবার বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা চয়নের সাথে আলাপ করে তাঁর স্বপ্ন বাস্তবায়নে তাঁকে পড়া-লেখার চালিয়ে যাওয়ার জন্য আর্থিক খরচ বহনের আশ্বাস দেন এবং দৃষ্টিহীন চয়নের অনার্সে ভর্তির খরচ বহন করেন। সেই সাথে গানবাজনার প্রতি চয়ন আগ্রহ প্রকাশ করে একটি হারমোনিয়ামের প্রয়োজন জানালে ইউএনও সাজেদুল ইসলাম তাঁর চাহিদা পুরনের আশা ব্যক্ত করেন।
এসময় চয়নের বাবা কৃষক নিতাই তালুকদার উপস্থিত ছিলেন।
চয়ন তালুকদার বলেন, আমার স্বপ্ন পূরনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার পাশে দাঁড়িয়েছেন। সেই জন্য আমি চিরকৃতজ্ঞ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, চয়নের সাথে আলাপ করে খুবই ভালো লাগছে। এঁরা আমাদের সমাজের দৃষ্টান্ত। চয়নকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পড়া-লেখার জন্য সার্বিক সহযোগিতাসহ অনার্সে ভর্তির সকল খরচ দেওয়া হবে।
এদিকে, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির দৃষ্টিহীন চয়নকে আর্থিক সহযোগিতার আশ্বাস জানিয়েছেন। তিনি এর আগে চয়নকে এসএসসি পাস করার পর আর্থিক অনুদান দিয়েছিলেন।