দেড় হাজার কোটি টাকার ফসলহানির ঘটনা আমলে নেয়নি পাউবো’র উর্ধ্বতন কর্তৃপক্ষ

বিশেষ প্রতিনিধি
নলুয়া, মইয়া, শনি, মাটিয়ান, বরাম, চাপতিসহ ১১ উপজেলার বড় বড় হাওর রক্ষা বাঁধ ভেঙে প্রায় দেড় হাজার কেটি টাকার বোরো ফসল তলিয়ে গেলেও পাউবো’র উর্ধŸতন কর্তৃপক্ষের এ নিয়ে কোনই মাথা ব্যথা নেই। ৩ দিনে আগে পাউবো’র মহাপরিচালকের অফিস থেকে দায়সারাভাবে ১ সদস্যের একটি তদন্ত কমিটি হলেও তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি। অথচ. গত ১৫ বছর ধরে অকাল বন্যায় যখনই ফসল হানির ঘটনা ঘটেছে আইওয়াসের জন্য হলেও পাউবো’র নির্বাহী প্রকৌশলী বা সংশ্লিষ্টদের উপর খড়গ নেমে এসেছে। এবার গত প্রায় ২০ বছরের মধ্যে বাঁধ নির্মাণের জন্য বেশি বরাদ্দ হয়েছে, বাঁধ ভেঙে ফসল ডুবে ক্ষতিও হয়েছে বেশি। কিন্তু পাউবো’র উর্ধ্বতন কর্র্তৃপক্ষের এ নিয়ে কোন অনুসূচনাও নেই। কার্যকর কোন তদন্ত কমিটিও এখনো হয়নি।
প্রসঙ্গত. ২০০৪ সালের ২২ এপ্রিল অকাল বন্যায় সুনামগঞ্জের ফসল তলিয়ে যাওয়ার ঘটনার পর বাঁধ নির্মাণে অবহেলার অভিযোগে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ মিয়াকে ও ২০১০ সালের ৩১ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে অকাল বন্যায় হাওরের ফসল ডুবে যাওয়ার ঘটনার পর একই অভিযোগে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিমকে সাসপেন্ড করা হয়েছিল।
গত বছরেও সঠিক সময়ে বাঁধের কাজ শুরু এবং শেষ না হওয়ায় পাউবো’র নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদকে স্ট্যা-রিলিজ করা হয়। কিন্তু এবার বহাল তবিয়তেই আছেন পাউবো’র সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন। পাউবো’র উর্ধ্বতন কর্তৃপক্ষেরও খুব একটা মাথা ব্যথা নেই এ নিয়ে। পাউবো’র মহাপরিচালক জাহাঙ্গীর আলম বললেন,‘সুনামগঞ্জে মোট ফসলের ১৫ শতাংশ অকাল বন্যায় ক্ষতি হয়েছে’।
গত ১৫ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বৃষ্টিপাতের কারণে নদ-নদী ভরাট হয়ে বাঁধ ভেঙে আবার কোথাও কোথাও জলাবদ্ধতায় প্রায় দেড় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কিন্তু এ নিয়ে উচ্চ পর্যায়ের কোন তদন্ত কমিটিই এখনো হয়নি। ৩ দিন আগে দায়সারা গোছের ১ সদস্যের তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে পাউবো’র মহাপরিচালকের নির্দেশে। তাও এই এক সদস্য কে? এখনও তা চূড়ান্ত হয়নি বলে পাউবো মহাপরিচালক অফিস সূত্রেই জানা গেছে।
পাউবো’র মহাপরিচালক অফিসের একজন প্রকৌশলী বললেন,‘এ ধরনের বড় ক্ষতি হবার পর পাউবো’র ডিজি অফিসের এমন চুপচাপ থাকা এবারই প্রথম’।
পাউবো’র সুনামগঞ্জ অফিসের একজন প্রকৌশলী জানান, গত বছর হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে অর্থাৎ ঠিকাদারের মাধ্যমে কাজ করানোর জন্য ৭ কোটি এবং পিআইসির মাধ্যমে কাজ করার জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এ বছরের মতো ফসলেরও খুব বেশি ক্ষতিও হয়নি গত বছর। কিন্তু সঠিক সময়ে পিআইসি গঠন ও বাঁধের কাজ শেষ করতে না পারায় তখনকার নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদকে ১৮ মে পিরোজপুরে স্ট্যা-রিলিজ করা হয়েছিল।
পাউবো’র মহাপরিচালক অফিসের একাধিক কর্মকর্তা জানালেন, সুনামগঞ্জে এবার যে বিপর্যয় হয়েছে বোর্ড বা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু এখন (সোমবার) পর্যন্ত সেটি হয়েছে বলে তাদের জানা নেই।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে গত ২৫ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক মন্জুর মোহাম্মদ শাহ্রিয়ারকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। এই কমিটির প্রথম কার্যক্রম আগামী সোমবার ডাকা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, ইউএনও জামালগঞ্জ, ইউএনও জগন্নাথপুর, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
কমিটির আহ্বায়ক মন্জুর মোহাম্মদ শাহ্রিয়ার বলেন,‘২৫ শতাংশ ফসল ডুবলেও ৭০০ কোটি টাকার ফসল ডুবেছে। এতো বড় অংকের ক্ষয়ক্ষতির বিষয়টি সহজভাবে নিলে হবে না। তদন্ত কমিটির প্রথম কাজই হওয়া উচিৎ কেন বাঁধগুলো ভাঙলো তা খুঁজে বের করা।  যে বাঁধগুলো উপচে পানি ঢুকেছে, সেটি আসলে কী লেভেলে হওয়ার কথা ছিল, কী লেভেলে হয়েছে তাও খতিয়ে দেখা হবে। দ্বিতীয় বিষয়টি ভাবতে হবে- আগামী বছরগুলোয় এ ধরনের ক্ষতির বিষয়টি কীভাবে রোধ করা যায়। এই বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ দিতে চাই আমরা’।
পাউবো’র সুনামগঞ্জের একজন প্রকৌশলী অবশ্য বলেছেন, জেলা প্রশাসনের তদন্ত কমিটির চেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিভাগীয় একটি শক্তিশালী তদন্ত কমিটি। যারা টেকনিকেল বিষয়গুলো সহজে বুঝতেন।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন বললেন,‘এই তদন্ত কমিটি হয়েছে বিএনপি’র উপজেলা পরিষদ চেয়ারম্যানদের দাবির প্রেক্ষিতে, আওয়ামী লীগের কেউ কোন অভিযোগ করেনি’।
পাউবো’র মহাপরিচালক জাহাঙ্গীর আলম বলেন,‘সুনামগঞ্জে ১৫ শতাংশ ফসলের ক্ষতি হয়েছে, বাঁধ ভাঙার চেয়ে কাঁটা হয়েছে বেশি, সুনামগঞ্জের হাওরে কৃষক ও জলমহাল ইজারাদারের লড়াই আছে, কৃষক ফসল ঘরে তুলে আনতে চান, আর ইজারাদাররা অনেক সময় বাঁধ কেটে দেয়, এই অবস্থায় জনগণের সম্পৃক্ততা ছাড়া সুনামগঞ্জের হাওরগুলোর ১৫’শ কিলোমিটার বাঁধ রক্ষা করা কঠিন। ডিসেম্বরে বাঁধের কাজ শুরু করে-জানুয়ারি মাসে শেষ করতে হয়, এটিও অনেক কঠিন বিষয়। আমরা সুনামগঞ্জের নদী-শাখা নদী, খাল-বিল খনন করার বিষয়ে উচ্চ পর্যায়ে কথা বলছি’। তিনি জানান, সুনামগঞ্জে বাঁধের কাজ ঠিকমত হয়েছিল কী-না, এই বিষয়টি তদন্ত করার জন্য ৩ দিন আগে ১ সদস্যের তদন্ত কমিটি হয়েছে, তিনি ইচ্ছে করলে আরো সদস্য বাড়াতে পারবেন। তদন্ত কমিটির ঐ সদস্যের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন পাউবো মহাপরিচালক।
সুনামগঞ্জ টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সাবেক সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘গত কয়েক বছরের মধ্যে এবার বোরো ফসলের ক্ষতি হয়েছে বেশি, হাওরে বাঁধ ভাঙা, ফসল ডুবে যাওয়ার জন্য পাউবোকে দায়ী করছেন লোকজন। কিন্তু এই বিষয়ে পাউবো’র কোন তৎপরতা বা বক্তব্য এখনো জানা যাচ্ছে না’।