স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৫ বছরের পথচলা নিয়ে জেলা সদরের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জের খবর সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিটিভির জেলা প্রতিনিধি ও জেলা ও দায়রা জজ আদালতের দুদকের পিপি অ্যাড. আইনুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে ও সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক ও লেখক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘সুনামগঞ্জের খবর বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা বজায় রেখে নিয়মিত প্রকাশ হচ্ছে। এই পথচলা অব্যাহত থাকলে সুনামগঞ্জের জন্য সুনাম বয়ে আনবে। সাংবাদিকতা মহান, সম্মানিত ও ঝুঁকিবহুল পেশা। এই পেশার লোকজনের প্রতিদিনই পাঠকের কাঠগড়ায় দাঁড়াতে হয়। সাংবাদিকদের সংখ্যা বাড়–ক, তবে মেধাবীরা যেন এই পেশায় আসেন। হাওর দুর্নীতি নিয়ে সুনামগঞ্জের সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেছেন।। ’
তিনি আরো বলেন, ‘সুনামগঞ্জের প্রভাবশালীরা হাওরের বাঁধ নির্মাণের সাথে জড়িত। তারা হাওর নিয়ে আন্দোলনে একদিনও আসেনি। উল্টো তারা ফুলের মালা গলায় নিয়ে সংবধর্না নিচ্ছেন। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’
সভাপতির বক্তব্যে অ্যাড. আইনুল ইসলাম বাবলু বলেন, ‘সাধারণ সংবাদের পাশাপাশি প্রতিদিনই অন্তত একটা করে অনিয়ম-দুর্নীতি, সমস্যা-সম্ভাবনার সংবাদ প্রকাশ করতে হবে। উন্নয়ন সংবাদকে বেশী করে গুরুত্ব দিতে হবে। হাওর দুর্নীতির সংবাদ যেভাবে ধারাবাহিকভাকে প্রকাশ হয়েছে একইভাবে সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নিয়ে একযোগে সংবাদ প্রকাশ করতে হবে। কারণ সুনামগঞ্জের খবরের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশী। রাষ্ট্রের গুরত্বপূর্ণ দায়িত্বে থেকে ড. মোহাম্মদ সাদিকের মত মানুষ প্রতিদিন সবার আগে সুনামগঞ্জের খবর পড়েন। ’ হাওর দুর্নীতির প্রেক্ষিতে দুদকের মামলায় তিনি শক্তভাবে আইনী মোকাবেলা করবেন বলে জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন বলেন,‘ প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামগঞ্জের খবর বস্তুনিষ্ঠতা ও সংবাদে নিরপেক্ষতা বজায় রেখে আসছে। সুনামগঞ্জের খবরসহ জেলার সকল সাংবাদিকরা যথেষ্ট দায়িত্বশীল। এবারের বোরো ফসলহানির ঘটনার সকল সংবাদ দেশ ও রাষ্ট্রের কাছে তুলে ধরেছেন। সাংবাদিকদের কারণেই হাওরের বিষয়টি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নজরে পড়েছে। জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে বৈঠককালে রাষ্ট্রপতি সুনামগঞ্জের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। ফসলহানির পর সুনামগঞ্জে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি পুরোটাই সাংবাদিকদের কৃতিত্ব। ’
দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় বলেন,‘সুনামগঞ্জের খবর প্রকাশের শুরুতে অনেকেই বলেছিলেন বেশী দিন টিকবে না। কিন্তু আমি বলেছিলাম শুরু যেহেতু হয়েছে, অবশ্যই টিকে থাকবে। দৃঢ় মনোবল নিয়ে গত ৫ বছর নিয়মিত প্রকাশ হয়েছে পত্রিকাটি। তবে সমস্যা হলো আমাদের মধ্যে ঐক্য না থাকায় প্রশাসন ও দুর্নীতিবাজরা সুযোগ পায়। অনেকেই নামধারী সাংবাদিক রয়েছেন। সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসঙ্গতি রোধে আমাদের ঐক্যবদ্ধভাবে আগাতে হবে। প্রকৃত সেবা প্রদানের বিষয়ে প্রতিষ্ঠান ও পেশার উন্নয়নে আমাদের আরো ভাবতে হবে এবং যতœশীল হতে হবে। ’
সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন,‘ শুধু নিয়মিত প্রকাশ করলেই হবে না। সুনামগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা তুলে ধরতে হবে। অনেক সরকারি শিক্ষক মাসে দু’এক দিন বিদ্যালয়ে/কলেজে আসেন। তারা দুর্নীতি করে মাসের পর মাস ধরে বেতন-ভাতা নিচ্ছেন। সুনামগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে থাকে এসব নিয়েও সংবাদ প্রকাশ করতে হবে। সুনামগঞ্জ-সিলেট সড়কের অবস্থা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদ প্রকাশ করতে হবে। সাংবাদিকদের বিভেদ দূর করে ঐক্য গড়ে তুলতে হবে। যাতে এক- দুইজনের কারণে সাংবাদিক সমাজের বদনাম না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। ’
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াম আহমদ শামীম বলেন,‘ সুনামগঞ্জের সাংবাদিকরা এবার দেশবাসীর সামনে হাওরের প্রকৃত অবস্থায় তুলে ধরে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেছেন। শুধু সাংবাদিকদের কারণেই হাওর দুর্নীতির বিষয়টি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৃষ্টি কেড়েছে। হাওর দুর্নীতির আরো ফলোআপ নিউজ করতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজদের রুখতে হবে। পাউবোর ন্যায় সকল সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির সংবাদও প্রকাশ করতে হবে। কারণ যারা হাওরে দুর্নীতি করেছে তারাই আবার সড়ক ও জনপথ বিভাগের শত কোটি টাকার কাজ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। ’
কবি ইকবাল কাগজী বলেন,‘সুনামগঞ্জের খবর জেলার সংবাদপত্র ও সাংবাদিকতায় আধুনিকতার পথিকৃত। এর আগে জেলার কোন দৈনিক পাঠকের হাতে পৌঁছেনি। জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলিস্টারের কাছ থেকে সিলেট বিভাগের সেরা পত্রিকার স্টার এওয়ার্ড পেয়ে সুনামগঞ্জের খবর সাংবাদিকতার মান উজ্জ্বল করেছে, যা জেলাবাসীর গর্ব। তবে তরুণ সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। ’
দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান বলেন,‘সুনামগঞ্জের খবর এখন পর্যন্ত পাঠকের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পেড়েছে। নানা বাধার কারণে আরো সতর্ককতার সাথে আগাতে হবে, কোনভাবেই ভুল করা যাবে না। নতুনদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে। সমাজকে সাংবাদিকতার দাপট না দেখিয়ে বিনয়ী হতে হবে। ’
সুনামগঞ্জের খবরের সহকারি অনলাইন সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন বলেন,‘সমাজের সকল-শ্রেণি পেশার পাঠকের ভালবাসা ও সহযোগিতায় পত্রিকাটি সামনে এগিয়ে যাচ্ছে এবং পাঠকপ্রিয়তায় শীর্ষে রয়েছে। ’
দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম বলেন, ‘সুনামগঞ্জে অনেকগুলো দৈনিক পত্রিকা প্রকাশ হচ্ছে কিন্তু সাংবাদিক তৈরি হচ্ছে না। পেশাদারিত্ব সৃষ্টি হচ্ছে না। তবে সুনামগঞ্জের খবর পেশাদারিত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাচ্ছে।’
দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন বলেন, ‘শুরুতে আমিও হতাশ ছিলাম সুনামগঞ্জের খবর নিয়মিত প্রকাশ করা যাবে কিনা এ নিয়ে। পত্রিকাটি সহজেই পাঠকের আস্থা অর্জন করেছে। জেলার প্রথম দৈনিক এই প্রেরণা নিয়ে আমিও চার বছর কাজ করেছি এখানে। ’
এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী ও চ্যানেল ২৪এর জেলা প্রতিনিধি এআর জুয়েল বলেন,‘সুনামগঞ্জের খবরের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছিলাম। এখন সুনামগঞ্জের খবরকে নিয়ে গর্ববোধ করি আবার পাঠকের ন্যায় সমালোচনাও করি। সুনামগঞ্জের খবরকে সাধারণ পাঠকের মত সুনামগঞ্জের প্রথমআলো বলে মনে করি।’
দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন,‘ প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামগঞ্জের খবরের সাথে আছি, থাকব। তবে সর্বশেষ সংবাদগুলো কভার করার জন্য সময় আরো বাড়াতে হবে।’
ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জের খবর জেলার প্রথম দৈনিক। এই পত্রিকার মাধ্যমেই স্থানীয় সংবাদপত্রে পরিবর্তন ও আধুনিকতার যাত্রা শুরু হয়েছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত বাংলাদেশের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, স্টাফ রিপোর্টার অভিজিৎ রায়, বাংলানিউজের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার এনামুল হক জুবের, লিপসন আহমদ, শহীদ নূর আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার আল আমিন, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন তরিকুল ইসলাম প্রমুখ।


