দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে ভোক্তা অধিকার আইনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ড্রাগ লাইসেন্স না থাকায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটের নূর মেডিকেল হল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, মেডিকেল হলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম কলাউড়া মার্কেটে দীর্ঘদিন ধরে ফার্মেসী ব্যবসা করে আসছেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার কুসুমপুর গ্রামের বাসিন্দা মৃত. আবদুল মালেকের পুত্র। তাঁর বিরুদ্ধে এলাকায় সিণ্ডিকেট তৈরী করে মোট অংকের চুক্তিভিত্তিক চিকিৎসা করার অভিযোগ ছিল। তার ফার্মেসী ব্যবসার কোন লাইসেন্সও নেই। ইতোমধ্যে বিষপানের রোগীকে চিকিৎসা করতে গিয়ে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত শুক্রবার বিষপানের এক মহিলাকে হাসপাতালে না পাঠিয়ে নিজেই চিকিৎসা করতে গেলে রোগী মৃত্যুবরণ করে।
এছাড়াও অভিযানে একই ইউনিয়নের বাংলাবাজারের জেএস ফার্মেসীকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলে কে ৫ হাজার টাকা, মা—মণি মেডিকেল সেন্টার কে ৫ হাজার টাকা এবং শাহজালাল ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খাঁন, দোয়ারাবাজার থানার এসআই পান্না লাল দে, স্বাস্থ্য পরিদর্শক মৃদুল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ মোতালিব ভুঁইয়া, বাংলাবাজার ফার্মেসী এসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম তালুকদার প্রমুখ।
- জনতা ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময়
- বিশ্বম্ভরপুরে পর্যটনস্পটগুলোতে পর্যটকদের ঢল


