দোয়ারায় সংঘর্ষে আহত ১৫

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা সীমান্তে দু’পক্ষের সশস্ত্র সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের মৃত সফর আলীর পুত্র রফিকুল ইসলাম রফু ও একই গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেন দিলার পুত্র আলামিনদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও চলমান আছে। জমি দখল বেদখল নিয়ে কয়েকদিন পরপর তাদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এক পক্ষের দাবি রফিকুল ইসলাম ওরফে রফু’র বখাটে পুত্র সীমান্ত এলাকায় মদ পাচার করতে গেলে ধরিয়ে দেয় একই ইউনিয়নের জুমগাঁও (খাসিয়া বাড়ি) গ্রামের উসমান আলীর পুত্র আবদুর রহিম। এরই জেরে বৃহস্পতিবার বাজার থেকে বাড়ি ফেরার পথে রফুর মাদক ব্যবসায়ী পুত্র দেলোয়ার হোসেন ও তার সঙ্গে থাকা লোকজন আবদুর রহিমকে পথরোধ করে মারধর শুরু করে। এ ঘটনায় এলাকার লোকজন এগিয়ে আসলে রফু ও তার লাঠিয়াল বাহিনী তাদের উপরও চড়াও হয় এবং হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে।
রফিকুল ইসলাম রফুর পরিবারের লোকজন বলেছেন, আলামিনরা তাদের ঘর ভেঙে দেওয়ার খবর পেয়ে দেখতে যান রফিকুল ইসলামের লোকজন। এসময় পথরোধ করে তাদের উপর হামলা চালায়। এতে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন চৌধুরীপাড়া গ্রামের মাতব্বর আলী (৬৫), রায়হান (২৩), রফিকুল ইসলাম (৩৮), আকাশ (১৫), মাসুদ রানা (২৪), মনির হোসেন (২৭), মৌলার পাড় গ্রামের রাসেল মিয়া (১৮), অপর পক্ষের রফিকুল ইসলাম ওরফে রফু (৫৫), আবদুল আজিজ (৫০), হারুন (৩২), রিপন (২৫), দেলোয়ার (৩২) প্রমুখ। এক পক্ষের আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর পক্ষের আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ—সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।