দোয়ারাবাজারে অতিরিক্ত ফি ফেরত দেয়ার নির্দেশ

দোয়ারাবাজার প্রতিনিধি
‘দোয়ারাবাজারে সেশন ফি ছাড়া মিলছে না বিনামূল্যের বই’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীর নির্ধারিত সেশন ফি’র অতিরিক্ত টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। গত ১৪ জানুয়ারি তিনি এ নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনায় দুই দিনের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীর টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছিল। তবে এই নির্দেশনাও মানতে নারাজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। চিঠি পাওয়ার দুই দিন পরও কোনো প্রতিষ্ঠানের প্রধানগণ এখন পর্যন্ত শিক্ষার্থীর টাকা ফেরত দেননি।
দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ জানান, বইয়ের সঙ্গে সেশন ফির কোনো সম্পর্ক নেই। বছরের প্রথম দিনেই সরকারি বিনা মূল্যের বই দেয়ার কথা। সেশন ফি ছাড়াই প্রত্যেক শিক্ষার্থী বিনামূল্যে বই পাবে। সরকারের নীতিমালার বাইরে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি ফি আদায় করতে পারবে না। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায় করেছেন সেই টাকা প্রত্যেককে ফেরত দেয়ার নির্দেশ প্রদান করেছি। এর পরবর্তীতে কোন প্রতিষ্ঠান যদি অতিরিক্ত ফি আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।