দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারের লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার) গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার লিয়াকতগঞ্জ বাজারে লক্ষীপুর ইউনিয়ন পরিষদের বয়ষ্ক ভাতার কার্ড নিয়ে কথা কাটাকাটির একপর্যায় চেয়ারম্যান আমিরুল হক ও ইউপি সদস্য শরিফ উল্লাহ’র মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার পরিবেশ উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিবেশ শান্ত করেন।
জানা যায়, সোমবার সকালে ইউপি সদস্য শরিফ উল্লাহ পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান আমিরুল হকের কাছে জানতে চান, নতুন ৮১ টি বয়স্ক ভাতার নামের তালিকায় তার
দেয়া নাম দেয়া হয় নাই কেন ? এসময় ইউপি চেয়ারম্যান আমিরুল হক বলেন, নাম দু’টি কেন আসল না তিনি জানেন না। নাম দুইটি পরবর্তী সময়ের তালিকায় যাবে। এনিয়ে ইউপি সদস্য ও চেয়ারম্যানের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য শরিফ মিয়াকে পরিষদ থেকে বের করে দেন। বিষয়টি ইউপি সদস্য শরিফ উল্লাহ’র গ্রাম বক্তারপুরে জানাজানি হলে গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাটিসোটা নিয়ে ইউনয়ন পরিষদের দিকে এগিয়ে যান। খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের লোকজনও লাটিসোটা নিয়ে মেম্বারের লোকজনেক প্রতিহত করার চেষ্টা করেন। এসময় বক্তারপুর গ্রামের স্কুল ছাত্র রায়হান মিয়া (১৭) স্কুল থেকে বাড়ি ফেরার সময় ও বাজারে থাকা শৈরত আলীকে চেয়ারম্যানের লোকজন মারপিট করে। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
লিয়াকতগঞ্জ বাজারের ব্যাবসায়ী হারুন স্টোরের মালিক হারুর-অর-রশিদ বলেন,‘বাজারের মাইকে হঠাৎ ঘোষণা আসে বক্তারপুর গ্রামের লোকজন বাজারে হামলা করার জন্য আসছে। নিজ নিজ দায়িত্বে দ্রুত দোকানপাট বন্ধ করার জন্য। পরে জানতে পারি চেয়ারম্যান সাহেব ও মেম্বারের মধ্যে ঘটনায় দুই গ্রামের লোকজন দুই দিক থেকে আসতেছে বাজারের দিকে। পরে চেয়ারম্যান সাহেবের গ্রামের লোকজন বাজারে অবস্থান করেন এবং শরিফ উল্লা মেম্বারের লোকজন নদীর ওপাড়ে অবস্থান করেন।’
ইউপি সদস্য শরিফ উল্লাহ বলেন,‘ বয়স্ক ভাতার নতুন তালিকা দেখার পর আমি চেয়ারম্যান সাহেবের কাছে দু’টি নামের বিষয়ে জানতে গিয়েছিলাম। তিনি আমাকে পাল্টা জিজ্ঞাসা করেন আমার ওয়ার্ডে কয়জন মৃত ব্যক্তির বয়স্কভাতার কার্ড আছে। আমি বললাম ৭ টি কার্ড আছে। এসময় তিনি আমাকে বলেন, ৪ টা কার্ড উনাকে দেয়ার জন্য আর আমাকে ৩ টি কার্ড নেয়ার জন্য। আমি চেয়ারম্যানের কথায় রাজি না হলে আমাকে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদ থেকে বেরিয়ে যাবার জন্য বলেন। আমি চেয়ারম্যানের কথামতো বেরিয়ে না গেলে তিনি নিজেই আমাকে ইউনয়ন পরিষদ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।
লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল হক বলেন,‘ ইউনিয়ন পরিষদে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। শুনেছি দুই গ্রামের দুইজন লোকের মধ্যে বাজারের ভেতরে একটি ঘটনা ঘটেছে। পরে শরিফ উল্লাহ মেম্বার নিজেই ওই ঘটনার সাথে জড়িয়ে পড়ে। এটা পরিষদের কোন ঘটনা নয়।’


