দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর ব্রীজের পাশে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নুরুজ্জামান (৩৮) ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত. সামছুল ইসলামের ছেলে।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর নিহত নুরুজ্জামানের বন্ধু হাবিবুর রহমানের মোটর সাইকেল নিয়ে স্থানীয় মহব্বতপুর বাজার থেকে ফেরার পথে শান্তিপুর ব্রীজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সহ ব্রীজের নীচে পড়ে যায়। রবিবার দুপুরে শান্তিপুর ব্রীজের নিচ থেকে দোয়ারাবাজার থানা পুলিশ নুরুজ্জামানের লাশ ও মোটর সাইকেল উদ্ধার করেছে। দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘নিহতের লাশ পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে।’