দোয়ারাবাজারে হামলায় আহত ২

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ইফতারি শেষে বাড়ী ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়ার ভাই সহ অপর এক যুবক।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর স্থানীয় দোহালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আ.লীগের ইফতার মাহফিল শেষে বাড়ী ফেরার পথে ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু’র বড় ভাই প্রতাবপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আ.লীগ নেতা নানু মিয়া (৫০) ও তারই শ্যালক কাওছার আহমদ (৩০)। মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে স্থানীয় গোয়ারাই ব্রিজে পৌছলে আগে থেকে ওত পেতে থাকা ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল তাদের উপর অতর্কিত হামলায় চালায়। এসময় রাম ধা সহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে তারা দু’জনই মাটিতে লুটে পড়েন। পরে দুর্বৃত্তরা তাদের মৃত মনে করে পালিয়ে যায়। খবর পেয়ে  
 স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা বলেছেন, এটা রাজনৈতিক গ্রুপিং এর কারণে ঘটতে পারে বলেই তাদের ধারণা।
ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু জানিয়েছেন, ইফতার শেষে বাড়ী ফেরার পথে গোরেশ পুর গ্রামের সন্ত্রাসীরা আমার ভাইকে কুপিয়ে আহত করেছে। ওই ব্রিজে প্রতিদিনই ১৫/২০ জনের বখাটে ও সন্ত্রাসীরা মদ-গাঁজার আড্ডা বসায়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার ভাইকে প্রাণে মারার জন্য সন্ত্রাসীরা হামলা করেছে বলে আমার ধারণা।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল বলেছেন, অভ্যন্তরীণ ও রাজনৈতিক কারণে এমন ঘটনাটি ঘটতে পারে। তবে ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।