বিশ্বম্ভরপুরে মরা জাদুকাটা নদী খননে অনিয়ম

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বর্ষা মৌসুমে লোক দেখানো নদী খনন বন্ধ রেখে শুকনো মৌসুমে খনন কাজ সম্পন্নসহ মেয়াদবৃদ্ধির জন আবেদন করেছেন এলাকাবাসী। উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নের মরা জাদুকাটা নদীটি কয়েক যুগ ধরে পাহাড়ী ঢল ও বন্যার পানিতে ভেসে আশা বালি ও বেলে মাটিতে ভরে গিয়ে নদীটি নাব্যতা হারিয়ে ফেলে মরুভূমিতে পরিণত হয়েছে। ফলে এলাকাবাসী কৃষি কাজসহ দৈনন্দিন কাজে পানি সংকটে সীমাহীন দুর্ভোগ পোহান। তাছাড়া নদী ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে পাহাড়ী ঢলের পানি ফুলে উঠে দুপাড়ের বাড়ীঘর ও ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়।
এলাকাবাসীর আবেদন ও দাবির প্রেক্ষিতে চলতি বছর বিএডিসির মাধ্যমে সরকারি ভাবে নদী খননের জন্য ০১ কোটি ৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ পেয়ে ঠিকাদার এপ্রিল মাসে কাজ শুরু করেন। চলতি বছর অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে মরা জাদুকাটা নদীর ৮০% পানিতে নিমজ্জিত রয়েছে। এমতাবস্থায় ঠিকাদার এক্সেভেটর দিয়ে নদীর কিছু এলাকায় দায়সাড়াভাবে কাজ করে কাজ শেষ করার কৌশল আঁটছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।
লোক দেখানো কাজ বর্ষা কালে বন্ধ রেখে আগামী শুকনো মৌসুমে নদীর  সীমানা, গভীরতা  ও সঠিক প্রশস্থতা নির্ধারণপূর্বক সময়সীমা বৃদ্ধির জন্য সহকারি প্রকৌশলী বিএডিসি সুনামগঞ্জ বরাবরে গণস্বাক্ষরিত একটি আবেদন দাখিল করা হয়েছে।
সুনামগঞ্জ বিএডিসি সহকারি প্রকৌশলী আবু মো. মাহমুদুল হাসান জানান, ঠিকাদার চলতি বছরের এপ্রিলে কার্যাদেশ পেয়ে নদী খনন কাজ শুরু করেছেন। চলতি জুন মাসে মেয়াদ শেষ হয়ে যাবে।
তিনি আরো বলেন ঠিকাদার যতটুকু নদী খননের      কাজ করেছেন ততটুকুর বিলই প্রদান করা হবে। সময় বৃদ্ধির আবেদন করা হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিবেচনার জন্য প্রেরণ করা হবে।
প্রকল্পের ঠিদাকার মো. আশাদ মিয়া বলেন, কাজের নির্দেশ পেয়ে কাজ শুরু করেছি, কাজ চলমান আছে এই বর্ষাকালেও কাজ চলমান রাখতে হয়েছে।