দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জ ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। দোয়ারাবাজার উপজেলার প্রত্যেক ইউনিয়নে একটি করে কলেজ স্থাপন করা হবে। ইতিমধ্যে ৭টি ইউনিয়নে কলেজ স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজার উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ ও কম্পিউটার ল্যাব স্থাপনের কাজ চলছে। দক্ষ মানবসম্পদ তৈরি করতে দোয়ারাবাজার উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবনের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, দোয়ারাবাজারের নদী ভাঙ্গন রোধের জন্য ১শত ৯১ কোটি টাকার প্রকল্প একনেকে পাশ হয়েছে। ২১১ কোটি টাকা ব্যয়ে ছাতক-দোয়ারায় ব্রীজ নির্মাণের কাজ চলমান আছে। উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লক্ষীপুর ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে মুহিবুর রহমান মানিক এমপি কে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক।
স্বাগত বক্তব্য দেন লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্ত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযদ্ধা ডা. আব্দুর রহিম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ ছৌধুরী খসরু, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক, বগুলা ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ছালেক মিয়া, কামরুজ্জামান ভুইয়া রুবেল, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনফর আলী প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন আবু বকর সিদ্দিক।
এর আগে লক্ষীপুর ইউনিয়নের ১৯ গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য এবং নাটিকা পরিবেশন করেন।


