দোয়ারাবাজার প্রতিনিধি
আগুনে পুড়লো দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের ১২টি বসত ঘর। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে কি করে আগুনের সূত্রপাত হয়েছে সঠিক ভাবে কেউ বলতে পারছেন না। মুহুর্তের মধ্যেই ১২টি পরিবারের বসত ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় ছাতক ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলেও ১৮ কিলোমিটার ভাঙ্গা সড়ক অতিক্রম করে আসতে আসতে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের সহযোগীতায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে দোহালীয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের বড় বাড়ির মৃত. আব্দুস সবুর মিয়ার পুত্র এমদাদুল হক রুবেল, আক্তার হোসেন, মৌলানা তুফায়েল আহমদ, আব্দুল ওয়াহাব’র পুত্র গৌছ মিয়া, সুনু মিয়া, জহির মিয়া, সামছুদদুহার পুত্র আমিনুল হক, উজ্জ্বল মিয়া, ছুরাব উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, ইউনুছ আলীর পুত্র ইকবাল হোসেন, ইসমত আলীর পুত্র আসাদ মিয়া, ইসহাক আলীর ঘর পুড়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনুয়ার মিয়া আনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, আজদুর রহমান আজাদ, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিক উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মো. আব্দল্লাহ প্রমুখ। বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি সহ শুকনো খাবার পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয়।
- ছাতকে গ্রামের সড়কে ব্যক্তি নামে তোরণ নির্মাণ, দু’পক্ষের বিরোধ তুঙ্গে
- খাদ্য গুদামে ধান ক্রয় শুরু হয়নি


