স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সফর আলী ও ডেপুটি কমান্ডার মো. মনফার আলী বুধবার জেলার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল খালেককে পুরোনো আওয়ামী লীগার উল্লেখ করে তাঁকে দলীয় মনোনয়ন দেবার অনুরোধ করে আবেদন করেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া লিখিত
আবেদনে মুক্তিযোদ্ধা নেতারা উল্লেখ করেছেন, ‘আব্দুল খালেকের বাবা আব্দুর রশিদ ১৯৫৭ সালে অনুষ্ঠিত জেলা সম্মেলনে কাউন্সিলর হিসাবে যোগ দিয়েছেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হক সাহেবের পক্ষে কাজ করেছেন। আব্দুর রশিদ সাহেবের গ্রাম নৈনগাঁও বাংলাদেশ ও আওয়ামী লীগের পক্ষের গ্রাম হওয়ায় পাকিস্তানিরা এই গ্রাম মুক্তিযুদ্ধের সময় জ্বালিয়ে-পুড়িয়ে ছাড়খার করে গণহত্যা চালিয়েছিল। শেষে গ্রামবাসীকে রক্ষার জন্য একটি শান্তি কমিটি গঠিত হয়েছিল। কিন্তু আব্দুর রশিদসহ এই কমিটির কেউই কোন অপরাধ কর্মে যুক্ত ছিলেন না’।
আবেদনে আরো বলা হয়েছে, ‘আব্দুল খালেকের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্রমূলক অভিযোগ দায়ের করে আওয়ামী লীগকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে’। আবেদনে দলীয় প্রতীক নৌকা’র বিজয় নিশ্চিত করার জন্য আব্দুল খালেককে মনোনয়ন প্রদানের অনুরোধ জানানো হয়।
বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধারা তাদের এই আবেদনের কপি আওয়ামী লীগের নির্বাচনী বোর্ডের সদস্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের যুগ্ম মহা সচিব মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা দীপুমনি ও আব্দুস সোবহান গোলাপের হাতে তুলে দিয়েছেন।


