দোয়ারায় খাস ভূমি জবরদখল করে স্থায়ী ভবন নির্মাণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের বিয়ানীবাজারে হালটের ডুবা খাস জমি দখল করে স্থায়ী পাকা দোকান ঘর নির্মাণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব উদ্দিনের ছেলে মো. আলী হোসেন।
আলী হোসেন দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য জিয়াউল হক, তার ভাই ফুলক মিয়া, একই গ্রামের মৃত ফয়জুল হকের
ছেলে রায়হান ও আনান মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক খাস জমি জবর দখল করে দালান কোটা নির্মাণের অভিযোগ করেন। সাবেক ইউপি সদস্য জিয়াউল হকের নেতৃত্বে তারা খাস জমি জবর দখল করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। খাস ভূমির সাথে আলী হোসেনের রেকর্ডিও ভূমির অংশ বিশেষ থাকায় সে অভিযোগ করায়, জিয়াউল হক, আলী হোসেন তাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকিও প্রধান করে বলে তিনি জানান।
এদিকে অভিযোগের ভিত্তিতে গত সোমবার বিকালে উপজেলা ভূমি অফিসের কাননগো পিয়ার আহমদ, সার্ভেয়ার নুরে আলম, চেইনম্যান দানু মিয়া, মঙ্গলপুর ভূমি অফিসের তহসিলদার আশিশ কুমার দাস, অফিস সহকারী লিটন মিয়া, বিয়ানীবাজারে সরেজমিনে তদন্তে এসে সাবেক ইউপি সদস্য জিয়াউল হক ও আশপাশের দোকান ঘরের নির্মাণ কাজ বন্ধ করে রাখার নির্দেশ দেন।
অভিযোগকারী আলী হোসেন বলেন, সরকারি খাসজমি ও আমার রেকডিয় ভুমির অংশ জবর দখলকারীর বিরুদ্ধে অভিযোগ করায় জিয়াউল হক আমাকে প্রকাশ্যে জনসম্মুখে হত্যার হুমকি দেয়। নিরুপায় হয়ে আমি দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, খাসজমি জবর দখলের একটি অভিযোগ পেয়েছি। বর্তমানে দালান নির্মাণের কাজ বন্ধ আছে। খাস জমি দখলের ব্যাপারে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।