দোয়ারায় ধান ও মাছ পঁচে পরিবেশ নষ্ট

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার সকল হাওরের বোর ফসল আগাম বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে এখন কৃষকের মধ্যে হাহাকার চলছে। গৃহস্থরা যেমন একদিকে হারিয়েছে গোলা ভরার আশা, অন্য দিকে গোখাদ্যের জন্য দিশেহারা হয়ে পড়েছেন।
অনেকেই গো-খাদ্য জোগার করতে না পেরে পানির দামে বিক্রি করছে গরু। অপরদিকে উপজেলার প্রায় ৩০ ভাগ লোকের ভরসা ছিল বোরো ফসল হারিয়ে মাছ শিকার করে খাবার জোগার করার, এখন সেই স্বপ্নও ভেস্তে গেছে ধান পঁচার বিষক্রিয়ায়। হাওর নদীতে এধন ধান ও মাছ পঁচার দুর্গন্ধ ছড়াচ্ছে।
গত ৫ দিন ধরে বিভিন্ন হাওরে রেনু পোনাসহ ছোট বড় সব ধরনের মাছ মরে পানিতে ভেসে উঠেছে। মৎস্য বিভাগের তথ্য মতে এবারের আধা কাঁচা বোর ফসল আগাম বন্যার পানির নিচে তলিয়ে যাওয়াতে সেই ধান পঁচে পানিতে এমোনিয়া গ্যাস তৈরি হয়েছে। আর সেই পানির নিচে অক্সিজেনের অভাবে সব মাছ মরে যাচ্ছে। আস্তে আস্তে সুরমা নদীর পানি কমতে শুরু করলে, হাওরের সেই    
পঁচা পানি এসে নদীতে গড়িয়ে পড়ায় গত দু-দিন ধরে সুরমা নদীর মাছ মরে ভাসছে। উৎসাহিরা পানিতে ভেসে উঠা মরা মাছ ধরছেন সমান তালে। এমোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় মরা মাছ ধরা এবং না খাওয়ার জন্য জেলা ও উপজেলার মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে সর্বস্তরের জনতাকে সচেতন করা হয়েছে।
স্কুল শিক্ষক রাসেল আহমেদ বলেন,‘হাওর নদীর মাছ যে হারে মরে যাচ্ছে তাতে মনে হয় এ বছর খাবারের পাশাপাশি মাছের জন্য হাহাকার দেখা দিতে পারে। এছাড়া ধান ও মাছ পঁচে দুর্গন্ধ বের হচ্ছে। ’  
হাওর পাড়ের মৎস্যজীবী জমসিদ আলী বলেন,‘খেতের ধান হারিয়ে এবার আশা ছিল মাছ ধরে কিছুটা হলেও খাবার জোগাড়ের। এখন হাওর নদীর মাছ মরে একেবারে শেষ হয়ে গেছে। আর কোন আশা রইল না।  
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন,‘নদী ও হাওরের সব ধরনের মাছ মরে যাচ্ছে পানিতে অতিরিক্ত এমোনিয়া গ্যাসের কারণে। এমোনিয়া গ্যাসের পরিমাণ এত বেশি হয়েছে যার কারণে হাওরের মাছ মরছে এবং হাওরের পানি এখন নদীতে গড়িয়ে পড়ায় নদীর সব প্রজাতির মাছ মরে ভেসে উঠছে।