দোয়ারায় প্রতিপক্ষের আক্রমণে আহত ১

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার পুর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে। সুপারী চোর ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত হাফিজুর রহমানের চাচা আপ্তর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, প্রায় মাস খানেক পুর্বে নৈনগাঁও গ্রামের জুনেদ, ময়না, দিনার তিন জন মিলে মনোহর আলীর (মনু মিয়া) ঘরের পাশে সুপারী চুরি করতে যায়। এসময় মনু মিয়ার অটোমিলের চালক হাফিজুর রহমান তাদের ধরে ফেলেন। এনিয়ে গ্রাম্য বিচার শালিসও    হয়। মঙ্গলবার রাতে মিল ঘরের কাজ শেষ করে হাফিজুর রহমান পাশের দোকানে পান খাওয়ার জন্য গেলে সুপারী চোর জুনেদ, আসমত মিছবাহ উদ্দিন সহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে হাফিজুরের হাতের রগ কেটে যায়। আর্ত চিৎকার শুনে আত্মীয়-স্বজনরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, ‘হাফিজুর রহমানের উপর হামলার ঘটনায় তার চাচা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।