দোয়ারায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে খাস জমিতে দোকানপাট নির্মাণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার পান্ডার খালের বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পুনরায় স্থাপন করা হচ্ছে দোকানপাট। দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন ও মান্নারগাঁও ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী পান্ডারখাল বাঁধে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ও ঘরবাড়ি সম্প্রতি প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ করা হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী মেজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান করার পর যে সকল স্থাপনাগুলো রয়েছিল সেগুলো তিন দিনের ভিতরে সরিয়ে নেয়ার নির্দেশনা দিয়ে যান তিনি। এ নির্দেশনা অমান্য করে পুনরায় স্থাপন করা হচ্ছে দোকানপাট ও ঘরবাড়ি। এনিয়ে বাজার পরিচালনা কমিটি ও অবৈধ স্থাপনার মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করাছে। যেকোন সময় এনিয়ে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।
রবিবার বাজার পরিচালনা কমিটি ও এলাকাবাসী এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাঁধের সৌন্দর্য বজায় রাখা ও বাঁধের মূল্যবান গাছ রক্ষার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান      
বরাবরে আবেদন করেছেন।
এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান বলেন,‘পান্ডার খাল বাঁধে গড়ে উঠা স্থাপনাগুলো ভেঙ্গে ফেলা হয়েছিল। বাকি সব দোকান ঘর যদি স্বেচ্ছায় উঠানো না হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবং শীঘ্রই উচ্ছেদ অভিযান করা হবে।