দোয়ারায় ভূমি অফিসারের বদলির দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর ভূমি অফিসের অফিসার ছিদ্দিকুর রহমানের বদলির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে পৃথক দুইটি স্থানে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বিকাল ৪ টায় দোহালীয়া ইউনিয়নের মজুর বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতাবপুর গ্রামের মো. কামাল হোসেন, দোহালীয়া পানাইল গ্রামের মিজানুর রহমান কালা মিয়া, নিয়ামতপুর গ্রামের সফিক মিয়া, মামুনুর রশিদ, আসমত আলী, কফিল উদ্দিন, আব্দুন নুর, জুয়েল আহমদ, জুবায়ের আহমদ, লায়েক মিয়া, সুয়েব আহমদ প্রমুখ।
একই দিনে সন্ধ্যায় পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল গণি, আফসরনগর গ্রামের আব্দুল গফুর, জহুর উদ্দিন, নতুন কৃষ্ণ নগর গ্রামের জাবরূল আজাদ, শুকুর আলী, রশিক মিয়া, পুরান কৃষ্ণনগর গ্রামের কবির আহমদ, পলির চর গ্রামের ইকবাল হোসেন, সাইফুল আলম প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, গত বৈশাখের বোর ফসল আকষ্মিক ভাবে নষ্ট হওয়ায় অনেকেই জমি জমা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।  জমির খাজনা বা নামখারিজ পর্চা করতে গেলে মঙ্গলপুর ইউনিয়ন ভূমি অফিসার ছিদ্দিকুর রহমান খাজনা না রেখে বিভিন্ন ভাবে হয়রানি করছেন আমাদের। পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের আমিনুল হক ৮ শতক আমন জমির খাজনা কাটতে গেলে ভূমি অফিসার ছিদ্দিকুর রহমান তার কাছ থেকে খাজনা রাখেন ১৫ শত টাকা। দোহালীয়া ইউনিয়নের চমোনা গ্রামের আরব আলীর নিকট থেকে ১৯ শতক আমন জমির খাজনা রাখেন ৯০ টাকা।
বক্তারা আরো বলেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে গত ২৪ শে আগস্ট জেলা প্রশাসক বরাবরে ভূমি অফিসারের বদলির জন্য অভিযোগ করেছি। কিন্তু সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মঙ্গলপুর ভুমি অফিসার মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে বা যারা অভিযোগ করেছেন সবার স্বার্থের আঘাত পাওয়ায় এধরনের অভিযোগ করেছেন। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা নাম খারিজ পর্চার দালালিতে ব্যস্ত থাকেন সব সময়। আমি তাদেরকে সুযোগ সুবিধা না দেওয়াতে আমার বিরুদ্ধে উঠে পরে লেগেছে।’