দোয়ারায় মুক্তিযোদ্ধা পরিবারের কাছে চাঁদা দাবি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলায় মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের নিকট চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
দোয়ারা থানায় মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ছেলে খলিলুর রহমানের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, টেংরাটিলার আলেক মিয়া, মো. আলমগীর হোসেন, শাহ আলম, মো. সাইদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, আব্দুল জব্বার দীর্ঘ দিন যাবত মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের পরিবারকে হয়রানি ও নির্যাতন করে আসছে। গত ১৭ ডিসেম্বর উল্লেখিত চাঁদাবাজরা দলবদ্ধ ভাবে মুক্তিযোদ্ধা পরিবারের কাছে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে চাঁদাবাজরা মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ফলের গাছ ও বেতের ঝুপ কেটে নিয়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা গত ১৯ ডিসেম্বর বিকাল ৪টায় স্থানীয় বাজার থেকে ফেরার পথে মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের পথ রোধ করে এলোপাতাড়ি মারপিট করে পকেট থেকে ৮০০ টাকা নিয়ে যায়। এ বিষয়ে মুক্তিযোদ্ধার ছেলে খলিল মিয়া স্থানীয় থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন।
থানার অফিসার ইনচার্জ মুক্তিযোদ্ধার ছেলেকে থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন এবং থানার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আস্বস্থ করেন।
অভিযোগের আইও রাকিবুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের ছেলে খলিলুর রহমানের দায়ের করা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।