জামালগঞ্জে সরকারি রাস্তা দখলের অভিযোগ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সরকারি রাস্তা দখলের অভিযোগ করা হয়েছে। গত ১৯ নভেম্বর এলাকাবাসীর পক্ষে অভিযোগটি দায়ের করেন ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা মো. শাহাব উদ্দিন।
অভিযোগ থেকে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে গজারিয়া গ্রামের সামনের চিকন নদীর তীর থেকে দক্ষিণ প্রান্তের সড়ক পর্যন্ত ১৪ ফুট প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা নির্মাণ করা হয়। এটি কৃষিকাজসহ যাতায়াতের একমাত্র সরকারি রাস্তা। আপ্তু হোসেন ও জামাল মিয়া রাস্তার দুই পাশে ঘর নির্মাণ করে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছেন। কিন্তু তারা কারও বাঁধা মানছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ দায়েরের পর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে অভিযোগকারী শাহাব উদ্দিন জানান, অভিযোগের পর ভূমি অফিস থেকে মানুষ পাঠানো হয়েছে। তারা ২৪ ঘন্টার মধ্যে দখলকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসেন। কিন্তু এখনও ঘর সরায়নি দখলকারীরা।
অন্যদিকে সরকারি রাস্তায় ঘর নির্মাণের ব্যাপারে দুই অভিযুক্ত একে অপরকে দোষারোপ করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, ‘পরবর্তী বিষয়ে যদি আমাকে জানানো হত তাহলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। এখন সেটা খতিয়ে দেখার পাশাপাশি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’