দোয়ারায় সুরমা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় সুরমা ইউনিয়নের চেয়ারম্যানের খন্দকার মামুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ভিজিএফ কার্ডধারীরা। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন তারা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন।    অভিযোগের সূত্রে জানা যায়, বুধবার ভিজিএফ কার্ডধারীদের ৩০ কেজি চাল ও ৫ শত টাকা বিতরণকালে প্রত্যেকের কাছ থেকে পরিবহন খরচ দেখিয়ে ৫০ টাকা করে আদায় করা হয়। এছাড়াও ইতিপুর্বে প্রতি মাসে ভিজিএফ বিতরণ করার সময় ২৫০ টাকা আদায় করা হয়। এসময় প্রতিবাদী কার্ডধারীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বিতরণ বন্ধ করে দেন ইউ.পি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ।
ইউনিয়নের সুনাপুর গ্রামের আব্দু শহিদ ও ভুজনা গ্রামের আবু ইউছুফ দুদু মিয়া বলেন, ‘গত বোর ফসল হারানোর পর সরকার থেকে আমাদের সহায়তা দেয়া হয়। কিন্তু দুর্নীতিবাজদের কারণে আমরা এখন নানা ধরনের হয়রানির শিকার হচ্ছি।’
সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ পরিবহন খরচ বাবত ৫০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার বিরোধীপক্ষরা অভিযোগ করেছে আমি কোন অনিয়ম করিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’