দোয়ারা সীমান্তের খাসিয়ামারা বাঁধের ভাঙন বিপাকে ৪০ হাজার মানুষ

আশিক মিয়া, দোয়ারাবাজার
টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের খাসিয়ামারা নদীর বেড়িবাঁধ ভেঙে বেকায়দায় পড়েছেন সীমান্তের লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়নের ২০ টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ। ডুবে গেছে ৪০০ একর আমন জমি। অনেকের ঘরবাড়িতে পানি ওঠেছে। দুই ইউনিয়নের সকল চলাচলের সড়কেই হাটু সমান পানি। গরু-ছাগলসহ গৃহপালিত জন্তু নিয়েও বেকায়দায় রয়েছেন এসব গ্রামের মানুষ।
২০০২ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পাহাড়ী ঢল ঠেকাতে এবং চাষাবাদের জন্য পানি ধরে রাখতে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী নদী খাসিয়ামারায় রাবারড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এই রাবারড্যামটি সীমান্ত এলাকার বোরো- আমনসহ নানা জাতের সবজী মিলে প্রায় ৮ হাজার হেক্টর জমির ফসল উৎপাদন নিশ্চিত করার জন্য নির্মাণ করা হয়েছিল। রাবারড্যামের দুই পাশে উঁচু করে করা হয়েছে মাটির বাঁধ।
মঙ্গলবার সকালে রাবারড্যামের পূর্ব অংশের বাঁধ ভেঙে সীমান্তের ওপার থেকে আসা ঢলে লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর, ভাঙাপাড়া, ইসলামপুর, আখিলপুর, তেরাদল, নোয়াগাঁও, রণভূমি, পেরুয়াখাই ও সুলতানপুর এবং সুরমা ইউনিয়নের মহব্বতপুর, শিবপুর, খাগুরা, গোঁজাউড়া, বরকতনগর, উমরপুর, ইসলামপুর, টিলাগাঁও ও কাউয়ারগড় গ্রামসহ ২০ টি গ্রাম প্লাবিত হয়েছে। মহব্বতপুর বাজারেও হাটু সমান পানি। এই গ্রামগুলোর সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইউনিয়নের সকল অভ্যন্তরীণ সড়কেও হাটু সমান পানি। স্থানীয়রা বলেছেন, বাঁধের ভাঙনে আমন জমি তলিয়ে গেছে। কার্তিক মাসের মধ্যে বাঁধ নির্মাণ না করা হলে এখানকার কৃষকরা আগামী মৌসুমের বোর ধানও চাষাবাদ করতে পারবেন না।
টিলাগাঁও গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন,‘বাঁধটি নির্মাণ করার সময় উঁচু এবং আরো প্রশস্ত করার জন্য বলেছিলাম, আমাদের কথা আমলে নেওয়া হয়নি’। একই কথা বলেন, খাসিয়ামারা বাঁধের পাহাড়াদার টুকু মিয়া।
ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন,‘বাঁধ ভাঙায় আমন ধানসহ সকল প্রকার সবজী খেত ভেসে গেছে। কার্তিক মাসে আবার বাঁধ নির্মাণ শুরু
না করলে আগামী বোরো মৌসুমের চাষাবাদও করতে পারবেন না এই গ্রামগুলোর কৃষকরা’।
স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বলেন,‘বাঁধের কাজ করার সময় স্থানীয় লোকজনের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। স্থানীয় মানুষের মতামত না নিয়ে এই বাঁধের কাজ হলে বাঁধটি রক্ষা করা কঠিন হবে’। তিনি জানান, পূর্ব দিকের বাঁধ না ভেঙে পশ্চিমের দিকে ভাঙলে রাবারড্যাম ভেসে যেত, প্রায় সাড়ে ৩ হাজার ঘরবাড়ি, এলাকার সকল স্কুল-কলেজ ভেসে যেত।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক বলেন,‘পাহাড়ী নদী খাসিয়ামারা দিয়ে যে পানি নামে, রাবারড্যাম দিয়ে বা এর রেগুলেটরগুলো ঐ পরিমাণ পানি নামার জন্য যথেষ্ট নয়, এজন্য পানির চাপে বাঁধ ভেঙে বিপাকে পড়েছেন এলাকাবাসী। পাহাড়ী ঢলের পানি নামানোর জন্য স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করে এবং আরো বেশি বিশেষজ্ঞ সমীক্ষা করে কাজ করতে হবে’। একই মন্তব্য করলেন- লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম। তিনি পানি কমার সঙ্গেই সঙ্গেই এ বাঁধ নিয়ে নতুন করে চিন্তা করার দাবি জানালেন।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন,‘বিগত বছরগুলোতে যে পানি এসেছে, ঐ খাল দিয়েই নেমেছে। কিন্তু সাম্প্রতিককালে সীমান্তের ওপারে ভারতীয় কর্তৃপক্ষ ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। ভারতের সড়ক ও জনপথ বিভাগ এই অংশে সড়ক নেটওয়ার্কের কাজ করেছে। তাদের পানি আগে বিভিন্ন অংশ দিয়ে নামতো, এখন কেবল খাসিয়ামারা নদী দিয়ে নামছে। এখন এক সঙ্গে যে পানি নামছে, এই পানি ধারণ ক্ষমতা নেই আমাদের পানি নামার খালের, এ কারণে বাঁধ ভেঙে পানি জলপ্রপাতের মতো নেমেছে। এই বাঁধ না ভাঙলে জনগণকেই বাঁধ ভেঙে দিতে হতো, না হয় আরো বেশি ক্ষতি হয়ে যেত। আমরা  চিন্তা করছি এই রাবারড্যাম রক্ষা করতে হলে এবং কৃষকদের বাঁচাতে হলে বর্তমানে রাবারড্যামের দুই পাশে থাকা দুই ব্যা-ের রেগুলেটর ভেঙে ৮ ব্যা-ের রেগুলেটর করতে হবে। এপর বাঁধ নির্মাণ করতে হবে, না হয় বাঁধ রক্ষা করা যাবে না’।