দ. সুনামগঞ্জে জামাই শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল মেয়ের ভাশুরের

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাপের কোনা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জামাইশ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল জামাইয়ের বড় ভাই মো.সাজ্জাদ মিয়া’র (৫০)। সোমবার সকাল ১০টায় পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাপেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাপের কোনা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র আলাই মিয়া একই গ্রামে শশুর মৃত আব্দুছ আলীর ছেলে রাজা মিয়ার কাছে টাকা পেতেন মেয়ের জামাই আলাই মিয়া। আলাই মিয়া পাওনা টাকা চাইতে যান শ্বশুর রাজা মিয়ার কাছে। টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্বশুর জামাইয়ের মধ্যে কথা কাটাকাটি    হয়। এ নিয়ে জামাই ও শ্বশুরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে জামাই আলাই মিয়ার বড় ভাই সাজ্জাদ মিয়া গুরুতর আহত হন। আহত সাজ্জাদ মিয়াকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করলে বিকাল সাড়ে ৩টায় সাজ্জাদ মিয়া মারা যান।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।