কাজী জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডেকোরেটার্স মালিক এবং শ্রমিকদের দুঃখ বোঝার মতো কেউ নেই। এমনটাই জানিয়েছেন উপজেলার ডেকোরেটার্স ব্যবসায়ী ও শ্রমিকরা।
করোনা পরিস্থিতিতে সকল ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম কম বেশি চালু থাকলেও শুধু মাত্র ডেকোরেটার্স দোকানগুলোই বন্ধ আছে। সেই সাথে বন্ধ আছে ডেকোরেটার্সের সকল কারিগর এবং কর্মচারীদের আয়ের পথও বন্ধ। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধ এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কিস্তি পরিশোধ করা নিয়ে ডেকোরেটার্স মালিকগণ পরেছেন বিপাকে। তাদের ব্যবসা কার্যক্রম বন্ধ থাকায় দোকানের অধিকাংশ মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের দেওয়া ১০ কেজি চাল ও অনেকেই পাননি। এই করুন অবস্থায় দক্ষিণ সুনামগঞ্জ ডেকোরেটার্স ব্যবসায়ীরা সরকারি প্রণোদনা পেতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বরাবর আবেদন করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ডেকোরেটার্স মালিক ও শ্রমিকদের পক্ষে মকবুল হোসেন (মেম্বার) বলেন, আমাদের উপজেলায় প্রায় ৩০টি ডেকোরেটার্স দোকান রয়েছে। করোনার কারণে বাবুর্চি, কারিগর ও সহযোগী মানুষরা কর্মহীন হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের পরিবারগুলোর পাশে আজ পর্যন্ত কেউ এগিয়ে আসেন নি। তাই আমাদের দাবি আমাদেরকে যেন সরকারি প্রণোদনা দেয়া হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, পরবর্তীতে যদি কোন সুযোগ আসে তখন ডেকোরেটার্স মালিকদের প্রণোদনা দেয়ার ব্যবস্থা করা হবে।
- জামালগঞ্জে জমে উঠেছে পশুর হাট
- ছাতকে নন-এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান


