দ.সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন আনছারের আরেক তালিকা

স্টাফ রিপোর্টার
জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিনের নেতৃত্বাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৬ টিতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে জমা দিয়েছেন বলে জানা গেছে।
গত রবিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাচনী সেলে ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ  
শাহজাহানের কাছে এই তালিকা জমা দেয়া হয়েছে বলে মঙ্গলবার রাতে দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন।
আনছার উদ্দিন জানিয়েছেন, জয়সকলস ইউনিয়নে সাবেক ইউপি সদস্য শামসুন নুর, পাথারিয়া ইউনিয়নে শামসু উদ্দিন, দরগাপাশায় বর্তমান ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, শিমুলবাঁক ইউনিয়নে আজমত শাহ, পূর্ব বীরগাঁও ইউনিয়নে মহিবুর রহমান মবুব ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নে এমদাদুল হক স্বপকে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রদানের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নির্বাচনী সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।
তালিকা জমা প্রদানের সময় জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি আউয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক নূর আলী ও সাংগঠনিক সম্পাদক শামসু উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।