দ.সুনামগঞ্জে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমএ মান্নান লেখাপড়ায় মনোযোগি হতে হবে

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ মান্নান বলেছেন, ‘এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে পছন্দ করে না। দেশে উন্নয়ন দেখলে তাদের বুকে আগুন জ্বলে উঠে। এইসব মানুষ নিজের দেশ ও জাতিকেও পছন্দ করে না। এই কারণে দেশের মানুষকে এবং দেশের সম্পদকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় তারা। এই সকল ষড়যন্ত্রকারীরা হিংসা-হানাহানিতে মেতে রয়েছে। তাই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে আছি। বিভিন্ন কারণে আজ দরিদ্র মানুষ দিনে দিনে দরিদ্র হচ্ছে। ধনীরা হচ্ছে আরও ধনী। এক শ্রেণীর মানুষ শিক্ষায় উন্নতি হওয়াকে হীন চোখে দেখে। তারা অন্যের সন্তান শিক্ষিত হউক, এটাও পছন্দ করে না। কেউ শিক্ষা অর্জন করে এগিয়ে যাওয়াটাও তাদের ভাল লাগে না। এইসব লোক দিন শুরু হলেই অফিসের বারান্দায় অযথা ঘুরাঘোরি করে। মানুষকে হয়রানি করার চেষ্টা চালায়।’
শুক্রবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘দক্ষিণ সুনামগঞ্জ প্রবাসী সংসদ ইউকে’র আয়োজনে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘ভাল শিক্ষা অর্জনের জন্য আজ প্রবাসীরা বৃত্তি দিচ্ছেন। প্রবাসে থেকেও তাঁদের অর্জিত টাকার অংশ থেকে অনুদান দিয়ে আমাদের দেশের শিক্ষার উন্নয়ন করছেন। প্রবাসীরা এ দেশের মাটি ও মানুষের টানে উন্নয়নে সহযোগিতা করছেন। এসব উন্নয়ন কাজের জন্য প্রবাসীদের নিয়ে আমাদের অহংকার হয়, গর্ব হয়। এসব ভাল কাজের জন্য আমি ধন্যবাদ জানাই সকল প্রবাসীদের।’ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবাদত হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মিজানুর রহমান তালুকদার।
আলোচনা সভা শেষে ৫৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে এককালীন বৃত্তিসহ সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলার ৩৮টি মাদরাসাকে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।