দ.সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গুণীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পরিচালিত অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী সাত ভাই রেস্টুরেন্টকে ৫ হাজার, জুয়েল স্টোরকে ১ হাজার টাকা এবং পাঁচভাই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
অভিযানকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পেঁয়াজ, আলু, তেল এবং চালের বাজার তদারকি করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। তদারকি কাজে সহযোগিতা করেন জেলা পুলিশ, স্থানীয় সাংবাদিক ও বাজার কমিটির সদস্যবৃন্দ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়েছে।