ধনপুরে প্রার্থী বাছাই নিয়ে কেন্দ্রে অভিযোগ

স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই নিয়ে অর্থ আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর এবার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ মিথ্যা দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক।
অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় চার আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার দুপুরে এই অভিযোগ করা হয়। অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই কমিটির প্রধান সমন্বয়কারীকে।
লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সাঈদ তালুকদার,ধনপুর ইউপির সাবেক চেয়ারম্যান হজরত আলী সোহেল (কালারচান) ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোশারফ হোসেন ইমন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূলের মতামতকে উপেক্ষা করে এবং ইউনিয়ন আওয়ামী লীগের তালিকা গোপন রেখে ধনপুর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারকে দলীয় একক প্রার্থী হিসাবে বাছাই করেন। দলীয় প্রার্থী মমিনুল ইসলাম মানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মুছার কাছে ইউনিয়ন আওয়ামী লীগের তালিকা চাইলে বলা হয় তালিকা বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে। এছাড়াও অপর প্রার্থী মোশারফ হোসেন ইমন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিকের কাছে ইউনিয়ন আওয়ামী লীগের তালিকা চেয়ে পাননি। এমনকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে তালিকা চেয়েও পাননি।
তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক বলেন,‘চেয়ারম্যানে পদে প্রার্থী বাছাই আমরা করিনি। প্রার্থী বাছাই করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। সব কিছুই পরিচ্ছন্নভাবেই হয়েছে। যাকে দলীয় প্রার্থী হিসাবে বাছাই করা হয়েছে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতি করছেন। বাছাইয়ে টিকতে না পেরে এসব অভিযোগ করা হয়েছে।’