ধনপুর ইউনিয়ন-আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর তীব্র প্রতিযোগিতা

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বম্ভরপুর উপজেলা ৫ টি ইউনিয়নের মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন ধনপুর । এই ইউনিয়নে ভোটার সংখ্যা ২৩৪৯৯ জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ধনপুর ইউনিয়নে কোন দলের বিদ্রোহী বা স্বতন্ত্র কোন প্রার্থী নেই। ফলে  আওয়ামী লীগ ও বিএনপি এই বড় ২ দলের প্রার্থীর মধ্যেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ হয়ে পড়েছে। তবে উভয় প্রার্থীই একে অপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ তোলা শুরু করেছেন।
ধনপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার। তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দিন-রাত বিভিন্ন গ্রামের ভোটারদের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ নুরুল হুদা মুকুটের ¯েœহভাজন ব্যক্তি হিসেবে ইউনিয়নের উপ-নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রফিকুল ইসলামের পরিচিতি ও জনপ্রিয়তার কমতি নেই।
বিএনপির দলীয়   মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ রমিজ উদ্দিন মাষ্টার দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে আলোচনা সভা, উঠোন বৈঠক করে ভোট চেয়ে বেড়াচ্ছেন। সৈয়দ রমিজ উদ্দিন শিক্ষিত, প্রবীণ রাজনীতিবিদ হিসাবে সুবিধাজনক অবস্থায় রয়েছেন ।  
নির্বাচনী ব্যস্ততার জন্য আওয়ামীলীগের প্রার্থী রফিকুল ইসলামের কোন বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনী প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সৈয়দ রমিজ উদ্দিন মাষ্টার জানান, সরকার দলীয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী  রফিকুল ইসলাম তালুকাদার ও তার কর্মীরা বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লংঘন করে যাচ্ছেন। আমার কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি প্রদান করা হচ্ছে। জনগণ আমাকে মনেপ্রাণে ভালবেসে নির্বাচিত করতে চায়।
জাতীয় পাটির মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মো. তাজ্জদ আলী বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে চমক সৃষ্টি করেছিলেন। সে হিসেবে ভোটারদের কাছে তার পরিচিতি ব্যাপক।
মোঃ তাজ্জদ আলী বলেন, আমার নির্বাচনী মাঠ খুবই ভাল। যদি সঠিক ভাবে নির্বাচন হয় তা হলে আমি জয়ী হব।
উপজেলায় ৬ষ্ঠ ধাপে ৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন।