ধর্মপাশা প্রতিনিধি
অকাল বন্যায় হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হাওরাঞ্চল ধর্মপাশাকে অচিরেই দুর্গত এলাকা ঘোষণা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কৃষকসহ সর্বস্তরের জনগণকে চরম দুর্ভোগে পড়তে হবে। কয়েকদিন ধরেই ধর্মপাশা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। রোববার সকাল ১১টায় উপজেলার মধ্যনগর থানাকে দুর্গত এলাকা ঘোষণা, কৃষকদের পুনর্বাসন, কৃষি ঋণ মওকুফ, জলমহাল উন্মুক্তকরণ, ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি, নদী খননসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মধ্যনগরবাসীর উদ্যোগে মধ্যনগর বাজারে আয়োজিত এ মানববন্ধনে প্রায় চার হাজার মানুষ অংশগ্রহণ করে। এতে বক্তব্য দেন, মধ্যনগরবাসীর আহ্বায়ক স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক চিত্ত রঞ্জন তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।
অপরদিকে দুপুর ১টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে জয়শ্রী ইউনিয়নবাসী বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরে প্রবেশ করে। পরে তারা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন, শাহরিয়ার, হারুন অর রশিদ, মুখলেছুর রহমানসহ স্থানীয় কৃষকেরা। এছাড়াও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে একইদিনে স্থানীয় সাতুর নতুন বাজারের দক্ষিণ পাশে মানববন্ধন কর্মসূচি পলিত হয়েছে।


