ধর্মপাশায় ইউপি সদস্য কারাগারে

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মুজিববর্ষে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অসহায় মানুষের অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় ছাদেকুর রহমান নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছাদেকুর রহমান উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে ছাদেকুরের বিরুদ্ধে ইউএনও কার্যালয়ের উচ্চমান সহকারী আনন্দ মোহন তালুকদার বাদী হয়ে ধর্মপাশায় থানায় প্রতাণার মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্র জানা যায়, ছাদেকুর রহমান মুজিববর্ষে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘর অসহায় মানুষদের পাইয়ে দেওয়ার কথা বলে চলতি বছরের মার্চ মাসে ১০/১৫ জনের কাছ থেকে ৮৪ হাজার টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীরা ঘর না পেয়ে তাদের টাকা ফেরত পাওয়ার জন্য ইউএনওর দ্বারস্ত হন। ইউএনও মো. মুনতাসির হাসান গত ৮ জুন ছাদেকুরকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠালে ছাদেকুর ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে টাকা আত্মসাতের কথা স্বীকারসহ সেই টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দেওয়ায় গত সোমবার তাকে আবারও তলব করেন ইউএনও। কিন্তু ছাদেকুর ভুক্তভোগীদের টাকা ফেরত না দেওয়ায় ওইদিন রাত ১২টার দিকে ইউএনও কার্যালয়ের উচ্চমান সহকারী আনন্দ মোহন তালুকদার ছাদেকুরের বিরুদ্ধে প্রতারণার মামলা করলে তাকে গ্রেফতার করে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘ছাদেকুরের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘গৃহহীন মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে ওই ইউপি সদস্য অর্থ হাতিয়ে নিয়ে আত্মসাত করেছে। ভুক্তভোগীদের টাকা ফেরত না দেওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’