ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বৈয়াকুরী-কৈয়াকুরী বিলের ইজারাদার রাসেল মিয়ার বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরে শিকার মিঠু তালুকদার (৩২) একই ইউনিয়নের সানুয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গত শুক্রবার রাতে মিঠু তালুকদারের চাচা সুনীল সরকার বাদী হয়ে রাসেল মিয়াসহ ১০ জনকে অভিযুক্ত করে মধ্যনগর থানায় মামলা করেছেন।
জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে মিঠু তালুকদার বাড়ির পেছনের বিলে মাছ ধরতে যায়। এ সময় বৈয়াকুরী-কৈয়াকুরী বিলের ইজারাদার রাসেল মিয়ার লোকজন তাদের বিলে মাছ ধরার অভিযোগে মিঠু তালুকদারকে ধরে নিয়ে গিয়ে মারধর করে এবং তাকে মাকরদী নামক কবরস্থানের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে মধ্যনগর থানা পুলিশ মিঠুকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য মিঠুকে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মিঠু তালুকদার বলেন, ‘আমি বিকেল বেলায় নৌকা নিয়ে বাড়ির পেছনের বিলে মাছ ধরতে যাই। এ সময় ইজারাদারের লোকজন আমাকে ধরে নিয়ে মারধর করে।’
ইজারাদার রাসেল মিয়া বলেন, ‘মিঠু এই বিল ইজারা নেওয়ার জন্য টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। সে বিলটি ইজারা না পাওয়ায় আমাকে ফাঁসাতেই মারধরের মিথ্যে চক্রান্ত সাজিয়েছে। এ ঘটনার সাথে আমি বা আমার লোকজন জড়িত নই।’
মধ্যনগর থানা এসআই দীপংকর সরকার বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


