ধর্মপাশা প্রতিনিধি
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ধর্মপাশায় জাকিরুল আজাদ মান্না নামের এক ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জাকিরুল আজাদ মান্না উপজেলার চামরদানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। গত শনিবার দুপুরে একই ইউনিয়নের বকুল মিয়ার ছেলে রিফাত মিয়া (২৫) তাকে মুঠোফোনে এ হুমকি দেয়। পরে রবিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে মধ্যনগর থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত মধ্যরাতে চারমদানি ইউনয়িনের রামদিঘা গ্রামে শিবরাত্রী উপলক্ষে পূজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না সেখানে উপস্থিত ছিলেন। পূজা চলাকালে পূজায় আগত মেয়েদেরকে রিফাত মিয়া বিভিন্নভাবে অশালীন ভাষায় ও বিকৃত অঙ্গভঙ্গিতে উত্ত্যক্ত করছিল। পূজার নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকেরা রিফতাকে আটক করে চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। চেয়ারম্যান তার বাবাকে খবর দেয়। খবর পেয়ে তার বাবা সেখানে উপস্থিত হলে এবং রিফাত ভূল স্বীকার করলে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রিফাতকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। কিন্তু শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে রিফাত তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে চেয়ারম্যানকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন,‘শিবরাতে রিফাতকে তার বাবার কাছে হস্তান্তর করায় রিফাত আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এর প্রতিশোধ না দেওয়া পর্যন্ত সে অপেক্ষায় থাকবে বলে মুঠোফোনে জানিয়েছে। তাই আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।’
শিবাতের ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত রিফাত মুঠোফোনে এ প্রতিবেদকে বলেন, ‘আমি কোনো হুমকি দেইনি। আমার ফোন ব্যবহার করে অন্য কেউ হুমকি দিয়েছে।’
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়া বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- তাহিরপুর বর্ডারহাট পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


