ধর্মপাশায় ওএমএসের চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় রাজু আহম্মেদ জয়নল নামের এক ওএমএসের ডিলারের বিরুদ্ধে চাল বিক্রয়ে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রাজু আহম্মেদ জয়নল উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ডিলার। এ ব্যাপারে ওই ইউনিয়নের হামিদপুর গ্রামের আবুল কালাম ও মো. আজিম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক  পৃথকভাবে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ টাকা দরে প্রতিদিন ৫ কেজি করে ২০০ জনের মধ্যে ১ মেট্রিক টন চাল বিক্রি করার কথা । কিন্তু ওই ডিলার প্রতিদিন ৫০-৬০ জনের মধ্যে চাল বিক্রি করে বাকি চাল ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারের বিভিন্ন দোকানে বসে টোকেন তৈরি করে ২৫ টাকা কেজি দরে বিক্রি করেন। গত ১৩ আগস্ট থেকে ডিলার এমনটি করে আসছে।
অভিযোগকারী আবুল কালাম ও মো. আজিম উদ্দিন জানান, ৫ কেজি চাল ৭৫ টাকায় বিক্রি করার কথা থাকলেও ডিলার তা বেশি দামে বিক্রি করেন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ই-মেইলে অভিযোগপত্র পাঠানো হয়েছে।
ডিলার রাজু আহম্মেদ জয়নল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, নিয়ম মাফিক চাল বিক্রয় করা হচ্ছে। কোনো অনিয়ম করা হচ্ছে না।
তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার।