ধর্মপাশায় জলমহালের সীমানা নির্ধারণে জনমনে স্বস্তি

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মুক্তারখলাবিল নামক জলমহালের সীমানা নির্ধারণ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জলমহালের সীমানা নির্ধারণ করে লাল নিশান লাগিয়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে ইজারাদার ও স্থানীয় লোকজনদের মধ্যে মারমুখী অবস্থান বিরাজ করছিল। সীমানা নির্ধারণ হওয়ায় স্থানীয় লোকজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা যায়, মুক্তারখলাবিল জলমহালের ইজারাদার দাতিয়াপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আজিুজুর রহমান। ইজারাদার বিলের সীমানা ছেড়ে স্থানীয় লোকজনের জমিতে বাঁধ দিয়ে মাছ শিকার করায় স্থানীয় জেলেরা নিজেদের জমিতেও মাছ ধরতে পারছিল না। এমন দ্বন্দ্ব নিরসনের জন্য গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয়পক্ষের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সীমানা নির্ধারণের       
সময় আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি বা কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটবে না বলে ইজারাদারের পক্ষে তার বড় ভাই সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজিম মাহমুদ ইউএনওর কাছে মুচলেকা দিলে প্রশাসন সীমানা নির্ধারণের উদ্যোগ নেয়। পরে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ জলমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এ সময় ধর্মপাশা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার বিএম আশরাফুল্লাহ তাহের, ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, ‘লাল নিশান লাগিয়ে জলমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটলে উভয়পক্ষ দায়ী থাকবে বলে মুচলেকা দিয়েছে।’