ধর্মপাশা প্রতিনিধি
শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মপাশায় জামানত খোয়ালেন ১৭ জন চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের ৮ জন বিদ্রোহী, বিএনপি মনোনীত ১ জন, বিএনপির বিদ্রোহী ৫ জন, স্বতন্ত্র ১ জন ও অন্যান্য দলের ২ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সেলবরষ ইউনিয়নে আবু হেনা লিটন, বেনজির আহমেদ তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আকরাম হোসেন, সেনোয়ার হোসেন, চামরদানি ইউনিয়নে রাধিকা রঞ্জন তালুকদার, পাইকুরাটি ইউনিয়নে এসএম সুজিত, মতিন্দ্র চন্দ্র তালুকদার ও মো.রেহান উদ্দিন জামানত হারিয়েছেন।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মো.নূরুজ্জামান জামানত হারিয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে জামানত হারালেন বংশীকু-া দক্ষিণ ইউনিয়নে সুজন মিয়া, নূরুজ্জামান সিদ্দিকী, মধ্যনগরে আসরাফ উদ্দিন, চামরদানীতে মো. মোশারফ হোসেন ও জয়শ্রী ইউনিয়নে শরিফুল ইসলাম।
এছাড়াও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহফুজ কাওছার, জয়শ্রী ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থী মো.ওয়ালী উল্লাহ ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থী সাজিদুল বারী শিপন জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


