ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ধর্মপাশা  প্রতিনিধি
ধর্মপাশায় মসজিদে কুমড়ার দাম নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাবিলখাঁ নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুল কাইযুম (৬০) ও আব্দুস ছাত্তার (৬৫) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়সহ নানান বিষয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার সকালে কাবিলখাঁ নোয়াগাঁয় জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি একটি কুমড়া দান করেন। ওই দিন জুমার নামাজ শেষে কুমড়া নিলামে কুমড়ার দাম নির্ধারণ নিয়ে আব্দুল কাইয়ুম ও আব্দুুস সাত্তারের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে শনিবার বিকেল চারটার দিকে ওই গ্রামের পেছনের মাঠে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বাবুল মিয়া (২২), অনুজা আক্তার (৪০), রুমা বেগম (২৫), হারিছ মিয়া (৫০), আব্দুল কাইয়ুম (৬৫), আলী উছমান (৮৫) সহ অন্তত ১৫ জন আহত হন।
ধর্মপাশা থানার এসআই শেখ মো. রুবেল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এ ঘটনায় থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।