ধর্মপাশায় ফলদ বৃক্ষ মেলা শুরু

ধর্মপাশা প্রতিনিধি
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ। এছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, জয়শ্রী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ ও সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ প্রমুখ।