ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বজ্রাঘাতে সাজ্জাদ নূর (৩১) ও রফিক মিয়া (১৩) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। এরা দুজনে আপন চাচাতো ভাই। সোমবার বিকেলে উপজেলার কাইল্যানী হাওরে এই ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামে। সাজ্জাদ গ্রামের মলছিব আলী ও রফিক আবুল ফজলের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর থেকে সাজ্জাদ ও রফিক কাইল্যানী হাওরে নৌকায় মাছ ধরছিল। বিকেল সাড়ে চারটার দিকে সেখানে আকস্মিক বজ্রপাত হলে সাজ্জাদ ও রফিক নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় তাদের সাথে নৌকায় থাকা সাজ্জাদের ৭ বছর বয়সী মেয়ে ছোটমনি নৌকা চালিয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর শুনে পরিবারের লোকজনসহ স্থানীয়রা হাওরে এসে জাল ফেলে অনেক খোঁজাখোঁজির পর সাজ্জাদ ও রফিকের মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার জানান, নিহতদের লাশ পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে নিহতদের পরিবারের কাছে সরকারি সহায়তা তুলে দেবেন।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বাসসের সুনামগঞ্জ সংবাদদাতা হাবিবুর রহমান তালুকদারের ইন্তেকাল
- টিকা নিতে পারছেন না ২৬ হাজার নিবন্ধনকারী


