বাসসের সুনামগঞ্জ সংবাদদাতা হাবিবুর রহমান তালুকদারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সুনামগঞ্জ জেলা সংবাদদাতা হাবিবুর রহমান তালুকদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত সাড়ে ১১ টায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে সিলেট নগরের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সুনামগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। একই সঙ্গে তিনি দৈনিক সিলেটের ডাক ও দৈনিক ইত্তেফাক’এর দিরাই প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সাংবাদিক হাবিবুর রহমান তালুকদার দিরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের মৃত্যুর খবরে সাংবাদিকঅঙ্গনসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বেলা ২ টায় তার নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাধানগর গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
জানাজায় অন্যান্যের মধ্যে দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলতাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সোহেল তালুকদার, সিরাজ দৌলা তালুকদার, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন অংশ নেন।
জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক অ্যাড. একেএম মহিম, রিপোর্টাস ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।