ধর্মপাশা প্রতিনিধি
দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশের ১১ হাজার ভোল্ট প্রবাহিত হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি সোজা করা হয়েছে। সোমবার বিকেলে ঝুঁকিপূর্ণ এ বৈদ্যুতিক খুঁটিকে পূর্ব ও পশ্চিমে বৈদ্যুতিক তার দিয়ে দুটি টানা দিয়ে সোজা করা হয়। বাঁশের খুঁটিও সরানো হয়েছে।
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ধর্মপাশা-বাদশাগঞ্জ সড়কের পশ্চিম পাশে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে এ বৈদ্যুতিক খুঁটির অবস্থান। সপ্তাহ দুয়েক আগে এ বৈদ্যুতিক খুঁটি পশ্চিম দিকে হেলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। বিষয়টি নজরে আসার পর পল্লীবিদ্যুতের ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের পক্ষ থেকে দুটি বাঁশের খুঁটি দিয়ে লোহার বৈদ্যুতিক খুঁটিকে রক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
পল্লী বিদ্যুতের ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সেলিম আহমেদ জানান, এ বৈদ্যুতিক লাইনে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। খুঁটির গোড়ার মাটি পানিতে সরে যাওয়ায় তা হেলে পড়ে ছিল। এটি টিকিয়ে রাখতে দুই দিক থেকে দুটি তারের টানা দিয়ে সোজা করা হয়েছে।
প্রসঙ্গত গত ২৯ নভেম্বর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন রক্ষায় বাঁশের খুঁটি শিরোনামে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হয়েছিল।


