ধর্মপাশা প্রতিনিধি
একটি লাল বালতিতে পরিমাপ করে তিন বালতি চাল দেওয়া হয় ভিজিএফ কার্ডধারীকে। নিয়ম অনুযায়ী তিন বালতি চালের ওজন হওয়ার কথা ৩০ কেজি। কিন্তু পরিমাপ করে দেখা যায় তিন বালতি চালের ওজন ২৭/২৮ কেজি। সকাল থেকে উপকারভোগীরা অপেক্ষা করলেও চাল বিতরণ শুরু হয় বিকেল তিনটার দিকে। তাও আবার তদারকি কর্মকর্তার অনুপস্থিতিতে।
বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার মধ্যনগর খাদ্য গুদামে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ভিজিএফের দ্বিতীয় পর্যায়ের ৩৭৩ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণকালে সরেজমিনে এমন অসঙ্গতি পাওয়া যায়।
এর আগে প্রথম পর্যায়ের চাল বিতরণের সময় ওই কার্ডধারীদের প্রতি দুইজন কার্ডধারীকে ৫০ কেজি ওজনের একটি করে চালের বস্তা দেওয়া হয়েছিল। ফলে প্রত্যেক কার্ডধারী ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি করে চাল পেয়েছিলেন তখন। বৃহস্পতিবার চাল বিতরণের সময় কয়েকজন ভুক্তভোগী আগেরবার ২৫ কেজি করে চাল পাওয়ার বিষয়টি সেখানে উপস্থিত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদকে অবগত করেন।
তখন ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ ভুক্তভোগীদের এমন কথার তীব্র বিরোধিতা করেন। এ সময় হট্টগোল শুরু হলে কিছুক্ষণ চাল বিতরণ বন্ধ রাখা হয়। খবর পেয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে তদারকি কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবুল কালাম ফরাজি সেখানে পৌঁছান এবং রাত ৮টা পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম চলে।
তদারকি কর্মকর্তা মো. আবুল কালাম ফরাজি বলেন, ‘বৃহস্পতিবার চাল বিতরণ করা হবে এমনটি আমাকে কেউ জানায়নি। খবর পেয়ে পরে আমি সেখানেই যাই।’
ওই ইউনিয়নের এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথম পর্যায়ে ভিজিএফের তালিকায় তাঁর ওয়ার্ডের যে কয়জনের নাম ছিল তাদের প্রতি দুইজনকে ৫০ কেজি ওজনের একটি করে চালের বস্তা দেওয়া হয়। এতে প্রত্যেকেই ২৫ কেজি করে চাল পেয়েছে। চেয়ারম্যানের কথা অনুযায়ীই এমনটি হয়েছে বলে জানান তিনি।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদ। তিনি বলেন, ‘চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।’


