ধর্মপাশায় যাত্রার নামে জুয়ার আসর

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে যাত্রার নামে জুয়ার আসর অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বাবুপুর বাজারের পশ্চিম পাশের পতিত জমিতে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে জুয়ার আসর অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত শুক্রবার বিকেল থেকে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল বারী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আসাব উদ্দিন ও যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন এর নেতৃত্বে যাত্রার জন্য প্যান্ডেল তৈরি কাজ শুরু করে। রোববার রাতে যাত্রার জন্য  তৈরি প্যান্ডেলের এক পাশে ওয়ানটেন, পিনবোর্ড ও চরকা নামক জুয়া খেলার আয়োজন করা হয়। জুয়ার আসর চলে রাত দশটা থেকে ভোর রাত পর্যন্ত। জলন্ত বারুদ নামক যাত্রার ফাঁকে ফাঁকে চলে অশ্লীল নৃত্য।
সুখাইড় রাজাপুর   উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন বলেন, আমি এলাকাবাসীর কাছে শুনেছি যাত্রার পাশাপাশি জুয়ার আসরও অনুষ্ঠিত হয়েছে। আমি এ সবের সাথে জড়িত নই।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী বাচ্চু বলেন, আমাদের এখানে যাত্রা নয় নাটক অনুষ্ঠিত হয়েছে। আমি ও আমার লোকজনের বিরুদ্ধে যাত্রার নামে জুয়ার আসর বসানোর অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
ধর্মপাশা থানার এসআই অনির্বান বিশ্বাস জানান, বাবুপুর বাজারের পাশে যাত্রার নামে জুয়ার আসর চলছে এমন খবর আমাদের কাছে আসে। পরে রাত দেড়টার দিকে পুলিশ নিয়ে সেখানে গেলে কোনো জুয়ারিকে পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, যাত্রার জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। যারা যাত্রার নামে জুয়ার আসর পরিচালনা করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।