ধর্মপাশায় লেগুনার ধাক্কায় শিশু নিহত আহত ৩

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় লেগুনার ধাক্কায় তানহা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। ওই শিশু জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সুরেশনগর গ্রামের রাসেল মিয়ার মেয়ে। শনিবার সকাল ৭টার দিকে ধর্মপাশা-কান্দাপাড়া সড়কের পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লেগুনার চালক পালিয়ে গেলেও পুলিশ লেগুনাটি জব্দ করেছে।
জানা যায়, ওই শিশু তার মায়ের সাথে সপ্তাহখানেক আগে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে তানহার মা পারভীন ও খালু আয়নাল হক তানহাকে নিয়ে মোহনগঞ্জ  
রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কান্দাপাড়া থেকে রিকশা করে রওয়ান দেয়। পরে ধর্মপাশা পূর্ব বাজারে পৌঁছালে একটি লেগুনা তাদের রিকশায় পেছন থেকে ধাক্কা দিলে রিকশার চালকসহ সবাই সড়কের নিচে পড়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তানহাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তানহার অবস্থা আশঙ্কাজনক মনে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে ময়মনসিংহ যাওয়ার পথে নেত্রকোনার বারহাট্টা নামক এলাকায় পৌঁছালে তানহার অবস্থার অবনতি হলে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত বলে ঘোষণা করে।    
ধর্মপাশা থানার ওসি সুরঞ্জিত তালুকদার জানান, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে এবং লেগুনাটি জব্দ করে থানায় রাখা হয়েছে।