ধর্মপাশায় শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী রানী দাস ও সহকারি শিক্ষক মনি রানী তালুকদারকে শ্রেণীকক্ষে পাঠদানরত অবস্থায় নির্যাতনের ঘটনায় দেশব্যাপি প্রতিবাদকর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেছেন সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় শহরের আলফাত
স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক-শিক্ষিকরা। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা শিক্ষিকা দিপালী রানী দাস ও মনি রানী তালুকদারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন, জেলা সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার দে, জেলা শিক্ষক সমিতির সদস্য বাদল তালুকদার, সদর উপজেলা শিক্ষক সমিতির সদস্য আতাউর রহমান তালুকদার, শরিফা আশ্রাপি, আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত ৩ মার্চ বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার দলবল নিয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষিকার ওপর হামলা করেন। এঘটনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটি বাতিল করা হয় এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিপালী রানী দাস বাদী হয়ে সর্বানন্দ তালুকদারসহ ৫ জনকে অভিযুক্ত করে বুধবার আদালতে মামলা দায়ের করেছেন।