ধর্মপাশা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (পঞ্চম ধাপ) দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ধর্মপাশা উপজেলার (মধ্যনগরসহ) ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও যুবলীগের ৯ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাঁদের বহিষ্কার করা হয়। এদিকে ধর্মপাশা সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী এবং সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এটিএম নাজিম উদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোজাম্মেল হক ইকবাল, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাকর তালুকদার পান্না, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সঞ্জিব তালুকদার, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন, চামরদানী ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাদিস মিয়া, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সদস্য রুকনুজ্জামান রোকন।
মধ্যনগর উপজেলা যুবলীগের সহ- সভাপতি আসাদুজ্জামান রোকন এবং মধ্যনগর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাসকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণক্রমে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এবং সম্পাদকের কাছে প্রতিবেদন পাঠয়েছে জেলা আওয়ামী লীগ।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা আওয়ামী লীগকে অভিনন্দন জানাই।’


