ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- লোকবল ও যন্ত্রপাতি সংকট চরমে

এনামুল হক এনি, ধর্মপাশা
হাসপাতালের বহির্বিভাগের ডেন্টাল কনসালটেন্টের কার্যালয়ে ডেন্টাল ইউনিট (ডেন্টাল চেয়ার, একজন টেকনোলজিষ্ট, ঔষধসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি) থাকার কথা। কিন্তু সেখানে একটি চেয়ার টেবিল ছাড়া কিছুই নেই। ফলে দাঁতের রোগে আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসা সেবা দিতে পারছেন না সেখানে নিযুক্ত ডেন্টাল কনসালটেন্ট। তাই নিজ কার্যালয়ে বসে বসে সর্দি জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দেন তিনি। গত বুধবার সকাল সাড়ে এগারটায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সরেজমিনে গিয়ে এমনটি দেখা যায়।
এ সময় সেখানে উপস্থিত থাকা উপজেলার সেলবরষ ইউনিয়নের মুদাহরপুর গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ মুন বলেন, ‘আমি আমার বড় ভাইয়ের দাঁতের চিকিৎসা করাতে এসেছিলাম। কিন্তু এসে দেখি মুখ হা করিয়ে দাঁত দেখার জন্য লুকিং লাইট পর্যন্ত নেই ডাক্তারের কাছে। তাই ডাক্তার তাঁর মোবাইল ফোনের লাইট দিয়ে দাঁত দেখেছেন।’
ডেন্টাল কনসালটেন্ট ডা. মোস্তাইম বিল্লাহ বলেন, ‘আমি এখানে আসার পর থেকে ডেন্টাল রোগীর চিকিৎসা করতে পারছি না। কারণ দাঁতের চিকিৎসা করার জন্য ডেন্টাল ইউনিট নেই। বসে বসে সর্দি জ্বরের চিকিৎসা দেওয়া আর দাঁতের রোগীদের পরামর্শ দেওয়া ছাড়া কিছুই করতে পারি না।’
২০১৫ সালের ৩০ মে এ হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখন পর্যন্ত লোকবল নিয়োগ করে ৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম চালু করা হয়নি। ৩১ শয্যার কার্যক্রমও চলছে ঢিলে তালে। দিন দিন হাসপাতালের পরিবেশ ভুতুড়ে হচ্ছে। হাসপাতালের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে লোকবল সংকটের কারণে হাসপাতাল পরিস্কার রাখা সম্ভব হচ্ছে না। এ হাসপাতালে একজন করে জুনিয়র কনসালটেন্ট (সার্জারী),     জুনিয়র কনসালটেন্ট গাইনী, এনেস্থেসিয়া, আবাসিক মেডিকেল অফিসার পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। সেলবরষ উপস্বাস্থ্য কেন্দ্র, পাইকুরাটী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বংশীকুন্ডা দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সুখাইড় রাজাপুর দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র এবং সুখাইড় রাজাপুর উত্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন করে সহকারি সার্জন থাকার কথা থাকলেও দীর্ঘদিন এইপদ গুলো খালি রয়েছে। একজন নার্সিং সুপারভাইজার ও ৪ জন সিনিয়র স্ট্যাফ নার্সের পদও শূন্য রয়েছে।
১ জন করে পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক, গুদাম রক্ষক, সহকারী নার্স, কুষ্ঠ নিয়ন্ত্রক, ইপিআই, চিকিৎসা সহকারী, রেজিওলজিষ্ট, ২ জন করে এমটি ল্যাব, ফার্মাসিস্ট, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, ৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ৯ জন স্বাস্থ্য সহকারীর পদ শূন্য রয়েছে। শূন্য রয়েছে ১ জন ড্রাইভার, ৩ জন এমএলএসএস, ১ জন ওয়ার্ড বয়, ১ জন আয়া, ২ জন নিরাপত্তা প্রহরী, ১ জন কুক-মশালচী ও ৪ জন ঝাড়–দারের পদ।
দীর্ঘ দিন ধরে হাসপাতালের এতগুলো পদ শূন্য থাকায় হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসা সেবা, দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা নিজেদের অর্থায়নে ১ জন কুক মাশালচী, ১ জন নাইটগার্ড, ২ জন সুইপার, ১ জন চিকিৎসা সহকারি, ১ জন আয়া, ১জন ওযার্ড বয় নিযুক্ত করেছেন। এদের সবাইকে মাসে ২১ হাজার টাকা দিতে হয়। লোকবল সংকটের কারণে আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, প্যাথলজি ল্যাব বন্ধ আছে। একমাত্র এক্স-রে মেশিনটিও দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে পড়ে আছে। ফলে রোগীদের বাধ্য হয়ে হাসপাতালের বাইরে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়। কমিশনের আশায় ডাক্তাররাও কখনো কখনো রোগীদের অযথাই পরীক্ষার কাগজ ধরিয়ে দেন।
হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ ভিড় জমিয়েছে। জরুরি বিভাগের রোগীর চিকিৎসা করা হচ্ছে। অভিযোগ রয়েছে জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলেও মাঝে মধ্যে সেখানে কর্তব্যরদেরকে খুশি (টাকা দেওয়া) করতে হয়। নইলে ভাল সেবা পাওয়া যায় না।
পুরুষ ওয়ার্ডে গিয়ে কথা হয় উপজেলার সেলবরষ ইউনিয়নের শিংপুর গ্রামের বাসিন্দা নূরে আলমের সাথে। তিনি বলেন, ‘চারদিন আগে জ্বর নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম। কিন্তু এখানে নোংরা আবর্জনায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এখানে থাকলে আরও অসুস্থ হয়ে যাবো। তাই আজ বাড়ি চলে যাচ্ছি। দুর্গন্ধের জন্য টয়লেটে যাওয়া যায় না।’
গত দুই দিন আগে মহিলা ওয়ার্ডে ভর্তি হন সদর ইউনিয়নের লংকাপাথারিয়ার গ্রামের তারা বানু। তারাবানুর ভাই সফর আলী বলেন, ‘হাপতালডা ম্যালা গিদর (অপরিস্কার) অইয়া গেছে। খালি ছেপ (থুথু) উডে। ঠিকমতো খাওন দেয় না। সহালে (সকাল) একটা কলা একটা রুডি। বেইল্যাক্ত (বিকালের দিকে) ভাত দেয় খালি আলু দিয়া। তরহারি থাহে না। আইছি থাইক্যা রাইত খাওন দিছে না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন করিম বলেন, ‘আইনী জটিলতার কারণে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। যে কারণে আমাদেরকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৩১ শয্যা থেকে ৫০ শয্যা চালু ও প্রয়োজনীয় লোকবল এবং যন্ত্রপাতি সরবরাহের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ বলেন, ‘তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগ কার্যক্রমের ওপর হাইকোর্টের রুল থাকায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে যতদিন পর্যন্ত নতুন নিয়োগ বিধি তৈরি না হচ্ছে ততদিন আউটসোর্সিংয়ের ভিত্তিতে লোকবল নেওয়া হবে। মন্ত্রণালয় থেকে লোকবলের চাহিদাপত্র চাওয়া হচ্ছে। আমরা চাহিদাপত্র পাঠাচ্ছি। আশা রাখি আগামী ডিসেম্বরের মধ্যে লোকবল সমস্যা সমাধান হতে পারে।’