ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ডিগ্রি কলেজে ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত প্রায় ৮৪০ থেকে ১৩৪০ টাকা বেশি আদায় করছেন। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের ভর্তি ফির তালিকা অনুযায়ী জানা যায়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ৪৫০ টাকা, ক্রীড়া ও সংস্কৃতি ফি ২০ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা, রোভার স্কাউট ফি ১০ টাকাসহ সর্বমোট ৪৮৫ টাকা আদায় করতে পারবেন। এছাড়া চলতি মাসের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত বেতন ১৭৫ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে রাখতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ৪৮৫ টাকা ও কলেজের বেতন ১৭৫ টাকাসহ মোট ৬৬০ টাকা রাখতে পারবেন। কিন্তু ধর্মপাশা ডিগ্রি কলেজে এই নির্ধারিত টাকার পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে জন প্রতি ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা করে আদায় করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রছাত্রী জানান, আমরা কম টাকা দিয়ে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু স্যারেরা আমাদের ভর্তি করবে না বলে জানায় এবং অন্য কলেজে কত টাকা দিয়ে শিক্ষার্থী ভর্তি হচ্ছে তা জানতে বলেন। তাই আমরা বাধ্য হয়েই এতো টাকা দিয়ে ভর্তি হয়েছি।
ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম বলেন, আমরা গভর্নিং বডির সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী ডিগ্রি পাস প্রথম বর্ষের ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা করে রাখছি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, কলেজে ভর্তি ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


