ধর্মপাশা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ শুরু

ধর্মপাশা প্রতিনিধি
দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে শুরু হয়েছে ধর্মপাশা উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজ। ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে একাডেমির ভেতরে থাকা ময়লা আবর্জনা। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মীরা এটি সংস্কারের কাজে লোক নিয়োজিত করে। এদিকে, বুধবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করেছেন একাডেমীতে।
দীর্ঘ বছর ধরে বন্ধ থাকায় ধর্মপাশা-মধ্যনগর সড়কের বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত উপজেলা শিল্পকলা একাডেমির ভবনের ভেতর মলমূত্র ও ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছিল।
উদীচী শিল্পীগোষ্ঠীর ধর্মপাশা শাখার সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু জানান, দীর্ঘ বছর ধরে উপজেলা   শিল্পকলা একাডেমি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার বিষয়টি দুঃখজনক। পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি আমি। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে উদীচী শিল্পীগোষ্ঠী এটি সংস্কারের জন্য প্রশাসনের সহযোগিতায় লোক নিয়োগ করা হয়।
উদীচী শিল্পীগোষ্ঠীর ধর্মপাশা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক এনি জানান, এ ধরনের একটি বিষয় নিয়ে আরো আগে কাজ করা উচিত ছিল। কয়েক বছর ধরে এটি সংস্কারবিহীনভাবে পড়ে থাকার পেছনের কারণ এখনো অস্পষ্ট। সংস্কৃতি চর্চার পাশাপাশি আমি সংবাদকর্মী হিসেবে বিষয়টিকে মিডিয়ার সামনে তুলে ধরার ফলে উপজেলা প্রশাসন যেভাবে এগিয়ে এসেছেন, ঠিক তেমনিভাবে উদীচীর স্থানীয় কর্মীরাও এটি রক্ষায় হাল ধরেছেন।
উদীচী শিল্পীগোষ্ঠীর ধর্মপাশা শাখার সভাপতি চয়ন কান্তি দাস জানান, সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চায় শিল্পকলা একাডেমির বিকল্প নেই। উপজেলা প্রশাসনের সহযোগিতায় লোক নিয়োগ করে শিল্পকলার ভবনের ভেতরে থাকা ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। এটির দরজা জানালা ভাঙা। পূর্ণ সংস্কার কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সংস্কৃতিপ্রেমি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সহযোগিতা প্রত্যাশা করি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইয়াছিন কবির জানান, প্রাথমিকভাবে উপজেলা শিল্পকলা একাডেমিকে ব্যবহার উপযোগি করে তোলার জন্য স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী এগিয়ে এসেছেন। এটি সংস্কার করে দ্রুত চালু করার ব্যাপারে প্রশাসনের সর্বাত্মক চেষ্টা অব্যহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর দৈনিক সুনামগঞ্জের খবর’এ ‘ধর্মপাশা শিল্পকলা একাডেমি নামে শিল্পকলা কাজে শৌচাগার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।